দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায় উঠেছে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভরিপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছে। নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে সোমবার ২২ ক্যারেটের সোনার ভরি ছিল ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। বাজুস বলেছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর) সোনার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের সোনার ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ২১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা ধরা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবেই স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বর্তমানে ৪ হাজার ৫৬১ ডলারে উঠেছে।
এর আগে জানুয়ারির শেষ দিকে বিশ্ববাজারে দাম হঠাৎ বেড়ে যাওয়ায় দেশের বাজারেও রেকর্ড বৃদ্ধি দেখা যায়। ২৯ জানুয়ারি একদিনেই ভরিপ্রতি ১৬ হাজার টাকার বেশি বাড়িয়ে ইতিহাসের সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল সোনার দাম।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!