অর্থনীতি

বছরজুড়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ, প্রথম প্রান্তিকে দিলে বিশেষ প্রণোদনা

আপডেট: মার্চ ৩১, ২০২৬ : ০৭:৫৬ এএম
বছরজুড়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ, প্রথম প্রান্তিকে দিলে বিশেষ প্রণোদনা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী অর্থবছর থেকে করদাতাদের জন্য বছরজুড়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ চালু করতে যাচ্ছে। তবে যারা বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ প্রথম তিন মাসের মধ্যে রিটার্ন জমাবেন, তাদের জন্য বিশেষ কর প্রণোদনার সুযোগ রাখা হবে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এই ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা কর সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই। এখন থেকে করদাতাদের নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে না; তারা বছরজুড়েই রিটার্ন জমা দিতে পারবেন। তবে যারা বছরের শুরুতেই দায়িত্ব পালন করবেন, তাদের জন্য রেয়াত বা প্রণোদনা থাকবে।”

এছাড়া এনবিআর চেয়ারম্যান জানান, চলতি অর্থবছরে কর আহরণের লক্ষ্যমাত্রা সন্তোষজনকভাবে অর্জিত হবে। তবে বিশাল অঙ্কের কর অব্যাহতি বা ট্যাক্স এক্সাম্পশন রাজস্ব আয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি উল্লেখ করেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই কর অব্যাহতির হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হবে। করের হার বৃদ্ধি না করে বরং করের আওতা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, কর ফাঁকিবাজ চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হবে এবং সৎ কর্মকর্তাদের উৎসাহিত করে সুশাসন নিশ্চিত করা হবে। একই সঙ্গে কর সংক্রান্ত অটোমেশন ও ই-রিটার্ন ব্যবস্থাকে আরও জনবান্ধব করার কাজ চলমান রয়েছে।

প্রাক-বাজেট আলোচনায় সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবও অংশগ্রহণ করে। তারা বিজ্ঞাপন আয়ের ওপর বিদ্যমান ১৫ শতাংশ উৎসে কর ও আগাম কর (এআইটি) হ্রাস করার দাবি জানায়। এছাড়া নিউজপ্রিন্ট আমদানির ওপর আরোপিত ১৫ শতাংশ কর সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানানো হয়। সংগঠনটি মনে করছে, তথ্যসেবা ও জনসচেতনতামূলক এই শিল্পকে টিকিয়ে রাখতে করের বোঝা লাঘব করা জরুরি।

চূড়ান্তভাবে অংশীজনদের দেওয়া প্রস্তাব যাচাই-বাছাই করে আগামী বাজেটে প্রতিফলিত করার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!