রাষ্ট্রমালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান ন্যাশনাল টিউবস লিমিটেড চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই–মার্চ) সাড়ে ৫ কোটি টাকার বেশি লোকসান গুনেছে।
আজ রোববার (১২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ প্রকাশিত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সারসংক্ষেপে এ তথ্য জানা গেছে। এর আগে গত ৯ এপ্রিল পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৬০ পয়সা। এতে মোট নিট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি ৫৭ লাখ টাকা। অথচ আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ৭৭ পয়সা এবং মোট নিট মুনাফা ছিল প্রায় ২ কোটি ৬৮ লাখ টাকা।
চলতি অর্থবছরের প্রতিটি প্রান্তিকেই লোকসান করেছে কোম্পানিটি। এর মধ্যে প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ৭৭ পয়সা, দ্বিতীয় প্রান্তিকে ৪৬ পয়সা এবং তৃতীয় প্রান্তিকে ৩৮ পয়সা লোকসান হয়েছে।
সর্বশেষ পাঁচ বছরের আর্থিক চিত্রেও ওঠানামা লক্ষ্য করা গেছে। ২০২২–২৩ ও ২০২৩–২৪ অর্থবছরে যথাক্রমে ৮ কোটি ২৮ লাখ ও ১ কোটি ৮৩ লাখ টাকা লোকসান করে প্রতিষ্ঠানটি। তবে পরবর্তী দুই বছরে কিছুটা ঘুরে দাঁড়িয়ে ৬ কোটি ৯৬ লাখ ও ৫ কোটি ৯৯ লাখ টাকা মুনাফা করে। কিন্তু চলতি অর্থবছরে আবারও বড় লোকসানের মুখে পড়েছে কোম্পানিটি।
বিশ্লেষকদের মতে, ধারাবাহিক ব্যবসায়িক দুর্বলতা ও ব্যয় বৃদ্ধির চাপ সামাল দিতে না পারায় রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থার অবনতি হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!