দেশজুড়ে ছেঁড়া–ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের ব্যবহার বেড়ে যাওয়ায় এ ধরনের নোট গ্রহণ ও বিনিময় বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১২ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংক এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে জানায়, সব তফসিলি ব্যাংককে গ্রাহকদের কাছ থেকে ছেঁড়া–ফাটা নোট গ্রহণ করে এর পরিবর্তে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট দিতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের সব শাখায় নিয়মিতভাবে এ সেবা চালু রাখতে হবে, যাতে নগদ লেনদেন স্বাভাবিক থাকে। কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য, নির্দেশনা থাকা সত্ত্বেও বাজারে এ ধরনের নোটের আধিক্য দেখা যাচ্ছে, যা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় ‘ক্লিন নোট পলিসি’ বাস্তবায়নে ব্যাংকগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ৫, ১০, ২০ ও ৫০ টাকার নোট নিয়মিতভাবে গ্রহণ ও বিনিময়ের জন্য বিশেষ কাউন্টার চালু রাখার ওপর জোর দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সতর্ক করে বলেছে, কোনো ব্যাংক শাখা এ বিষয়ে অনীহা বা গাফিলতি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!