প্রথম দেখায় চিনতে কষ্ট হওয়ারই কথা। উস্কোখুস্কো চুল, ময়লা পোশাক আর মুখভর্তি কালচে মেকআপে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। খানিকটা পরে নেটিজেনরা বুঝতে পারেন, এই ভিন্ন রূপের শিল্পী আসলে কেয়া পায়েলই।
হঠাৎ এই আমূল পরিবর্তনের পেছনে রয়েছে একটি নতুন নাটকের শুটিং। সম্প্রতি কেয়া পায়েলের ভিন্ন লুকের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন তার সহশিল্পী ও অভিনেতা ফারহান আহমেদ জোভান। সেখানে দেখা যায়, ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন এক নারীর চরিত্রে অভিনয় করছেন কেয়া পায়েল। ভিডিওতে একপর্যায়ে তাকে উচ্চকণ্ঠে বলতে শোনা যায়, কেউ তাকে বল ছুড়ে মেরেছে এবং সে এর বিচার চায়।
ভিডিওর আরেক অংশে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে হাজির হন জোভান। তখন কেয়া পায়েল তার দিকে তেড়ে গিয়ে অদ্ভুত আচরণ করতে থাকেন। ভিডিওটি শেয়ার করে মজার ছলে জোভান ক্যাপশনে লেখেন, ‘ছেমরি পাগল নাকি?? আমারে কয় খাইয়া লাইবো!’
ভিডিওটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই প্রথম দেখায় কেয়াকে চিনতে না পারার কথা জানান। কেউ তার অভিনয়ের প্রশংসা করে লিখেছেন, ‘কি মারাত্মক অভিনয়!’ আবার কেউ লিখেছেন, ‘মেকআপটা একদম চরিত্রের সঙ্গে মানানসই।’
সব মিলিয়ে কেয়া পায়েলের প্রতি তার চরিত্রে ডুবে যাওয়ার মনোভাব ও সাহসিকতার প্রশংসা করেছেন নেটিজেনরা। ধারণা করা হচ্ছে, এটি একটি নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য। তবে নাটকটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এতে তার সহশিল্পী হিসেবে থাকছেন ফারহান আহমেদ জোভান।
এর আগেও এই জুটি একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। গ্ল্যামার আর সাবলীল অভিনয়ের জন্য পরিচিত কেয়া পায়েল চরিত্রের প্রয়োজনে ব্যতিক্রমী লুকে হাজির হয়ে আবারও নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!