ঢালিউডের সোনালী দিনের দাপুটে নায়ক এবং কালজয়ী নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ আর নেই। দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে যুদ্ধ করার পর ৮২ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। ইলিয়াস জাভেদ ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে সপরিবারে পাঞ্জাবে বসবাস করলেও তার নিয়তি তাকে টেনে আনে ঢাকার চলচ্চিত্র অঙ্গনে।
১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে রুপালি পর্দায় অভিষেক ঘটে তার। তবে তাঁর ভাগ্যের চাকা ঘুরে যায় ১৯৬৬ সালে ‘পায়েল’ সিনেমার মাধ্যমে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা।
এরপর একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে ‘ড্যান্সিং হিরো’ হিসেবে স্থায়ী আসন গড়ে তোলেন। চলচ্চিত্র জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনে ১৯৮৪ সালে জনপ্রিয় চিত্রনায়িকা ডলি চৌধুরীর সঙ্গে বিবাহ করেন।
সত্তুর ও আশির দশকের দর্শকদের কাছে জাভেদ মানেই পর্দা কাঁপানো নাচ এবং অ্যাকশনের অনবদ্য মিশ্রণ। দীর্ঘ দিন ক্যানসারে আক্রান্ত হয়ে নিভৃতে চিকিৎসা নিচ্ছিলেন এই গুণী শিল্পী। তাঁর প্রয়াণে বাংলা চলচ্চিত্রের একটি স্বর্ণালী অধ্যায়ের সমাপ্তি ঘটল।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!