হরর কমেডি ঘরানার বহুল আলোচিত ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টলিউড সেনসেশন মিমি চক্রবর্তী। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মিমি নিজের জীবনের এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।
মিমি জানান, তার সহ-অভিনেত্রী স্বস্তিকা দত্ত উত্তরবঙ্গে শুটিং চলাকালীন কিছু অতিপ্রাকৃত ঘটনার ইঙ্গিত দিলেও তিনি কিছুই টের পাননি। রসিকতা করে মিমি বলেন, “আমি হয়তো ওখানকার মেয়ে, তাই ভূত আমাকে ছেড়ে দিয়েছে।”
ঘটনাটি ঘটেছিল তুরস্কের ইস্তানবুলে, ‘গ্যাংস্টার’ ছবির শুটিং চলাকালীন। ক্লান্ত শরীর নিয়ে বিশ্রাম নিতে গিয়ে মিমি এক বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হন। তিনি বলেন, “আমার মনে হচ্ছিল আমি শ্বাস নিতে পারছি না। হাত-পা সব ঠান্ডা হয়ে গিয়েছিল, নাড়াতে পারছিলাম না। প্রথমে ভেবেছিলাম হয়তো স্লিপ প্যারালাইসিস হয়েছে। কিন্তু আমার মস্তিষ্ক কাজ করছিল।”
সেই রাতের অভিজ্ঞতা বর্ণনা করে মিমি আরও বলেন, “আমি স্পষ্ট অনুভব করছিলাম কেউ একজন আমার বিছানার চারপাশ দিয়ে হাঁটছে। তার ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড় থেকে চোখ পর্যন্ত পাচ্ছিল। কেউ যেন জোর করে আমার চোখ খোলার চেষ্টা করছিল। ভয়ে দরদর করে ঘামছিলাম।”
মিমি জানান, ভোর ৪টেয় যখন আজান শুরু হলো, হঠাৎ শরীর হালকা হয়ে যায় এবং দীর্ঘক্ষণ পর তিনি শ্বাস নিতে পারেন। এরপর চিৎকার করে ঘর থেকে বের হন।
শেষে মিমি বলেন, “এখনও নিজেকে বোঝাই যে ওটা হয়তো দুঃস্বপ্ন ছিল। কিন্তু সেই অভিজ্ঞতা আমি কখনো ভুলব না। এটি এতটাই অবিশ্বাস্য যে আমি খুব কম মানুষের সাথেই বিষয়টি শেয়ার করেছি।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!