দেশের তারকাদের নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন খবর, ব্যক্তিগত আক্রমণ এবং মনগড়া ভিডিও ছড়িয়ে পড়ছে। এ বিষয়ে চিত্রনায়িকা শবনম বুবলী বলেন, এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং তিনি সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা কামনা করেছেন।
সম্প্রতি একটি শোরুম উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুবলী বলেন, “আমার কাছে খুব দুঃখ লাগে যে, মেয়েরা ইদানিং মেয়েদেরকে আরও বেশি ট্রলিং করে। অনেক হিজাব পরা নারী আছেন, তাদের মধ্যে অনেকে অন্যের বিরুদ্ধে মিথ্যা ছড়িয়ে ভিডিও বানাচ্ছেন।”
তিনি আরও বলেন, “আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা। কারণ ইসলামে গীবত করাকে সবচেয়ে জঘন্য কাজ হিসেবে গণ্য করা হয়।”
বুবলী জানান, দেশের বাইরে শিল্পীদের ছোট করা হচ্ছে, যা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি মনে করেন, দেশের সাইবার ক্রাইম বিভাগ দ্রুত এই বিষয়গুলোতে নজর দেওয়া এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।
এদিকে, বুবলী দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন, এমন গুঞ্জন শোবিজ পাড়ায় ছড়িয়ে পড়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকতেই পারে, আমি তাকে সম্মান করি। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে আলাদা সময় ও উপলক্ষ থাকা প্রয়োজন। আজ যেহেতু একটি উৎসবের মঞ্চে আছি, তাই আলোচনাটি এখানেই থাক।”
উল্লেখ্য, বুবলী বর্তমানে তার আসন্ন চলচ্চিত্র ‘পিনিক’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটির ‘আধাচাঁদ’ শিরোনামের একটি রোম্যান্টিক গান সম্প্রতি ‘ওয়ান টেক’-এ শুট করা হয়েছে, যা বাংলা সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে বলে দাবি করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!