বিনোদন

সিনেমা থেকে আপাতত বিদায়ের ঘোষণা অনন্ত জলিলের

আপডেট: জানু ২৬, ২০২৬ : ০৫:৪৪ পিএম
সিনেমা থেকে আপাতত বিদায়ের ঘোষণা অনন্ত জলিলের

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল আপাতত সিনেমা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যবসায়িক সংকটের কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অনন্ত জলিল বলেন, বর্তমান পরিস্থিতিতে তার মূল মনোযোগ ব্যবসার দিকেই দিতে হচ্ছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিনি চলচ্চিত্রে ফেরার সুযোগ দেখছেন না।

অনন্ত জলিল জানান, একসময় সাভারে তার মালিকানাধীন গার্মেন্টস কারখানায় প্রায় ১২ হাজার কর্মী কাজ করতেন। বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় ৪ হাজারে। এই বাস্তবতায় ব্যবসা সামলানোই এখন তার প্রধান অগ্রাধিকার হয়ে উঠেছে।

তিনি বলেন, ‘সিনেমা করলেও আমি কখনো সিনেমার জন্য পাগল ছিলাম না। আমি একজন ব্যবসায়ী। শুটিংয়ের ফাঁকেও ব্যবসার খোঁজ নিতাম। এখন ব্যবসা ভালো অবস্থায় না ফেরা পর্যন্ত সিনেমায় ফেরা আমার জন্য ঠিক হবে না।’ বর্তমান সংকটের কারণে হাতে থাকা বা নির্মাণাধীন কাজগুলোও শেষ করতে পারছেন না বলেও জানান তিনি।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় অনন্ত জলিল বলেন, কোনো কাজে সংকট তৈরি হলে সেটি কাটিয়ে ওঠার দিকেই মনোযোগ দেওয়াই তার স্বভাব। এখন সিনেমায় সময় দিলে সামনে আরও বড় সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে বলে তিনি মনে করেন।

২০০৮ সালে প্রযোজক ও অভিনেতা হিসেবে চলচ্চিত্রে অভিষেকের পর থেকে অনন্ত জলিল প্রতিটি সিনেমায় স্ত্রী বর্ষার সঙ্গে পর্দায় হাজির হয়েছেন। অভিনয়জীবনের এই বিরতিতেও বর্ষা তার সঙ্গী থাকছেন বলে জানান তিনি। অনন্ত জলিল বলেন, আবার সিনেমায় ফিরলে দুজন একসঙ্গেই ফিরবেন, না হলে কেউই করবেন না। তার ভাষায়, সিনেমা তাদের পেশা নয়, বরং শখের জায়গা।

বর্তমানে অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’ ও ‘অপারেশন জ্যাকপট’ চলচ্চিত্র দুটি নির্মাণাধীন রয়েছে। এ ছাড়া জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘চিতা’ সিনেমায় তার অভিনয়ের কথা থাকলেও এখনো শুটিং শুরু হয়নি।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!