চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে ব্যক্তিগত জীবন ও সাম্প্রতিক বিদেশ যাত্রা নিয়ে নানা গুঞ্জন চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে এসব আলোচনা বাড়তে থাকলেও বিষয়গুলো নিয়ে আপাতত প্রকাশ্যে মন্তব্য করতে চান না তিনি।
সম্প্রতি একটি ব্র্যান্ডের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন বুবলী। সেখানে তিনি বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য একটি নির্দিষ্ট সময় ও উপযুক্ত পরিবেশ প্রয়োজন। অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে বুবলী বলেন, ‘এগুলো খুবই ব্যক্তিগত বিষয়। এসব নিয়ে যখন কথা বলব, তখন সবাইকে সম্মান জানিয়ে বলব। আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে যদি দেশটাকে নিরাপদ রাখতে চেষ্টা করি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
আসন্ন ভালোবাসা দিবসের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে বুবলী বলেন, ভ্যালেন্টাইন ডে মানেই কেবল একজনের সঙ্গে উদ্যাপন নয়। তাঁর কাছে ভালোবাসা মানে প্রিয় মানুষদের ঘিরে থাকা।
তিনি বলেন, ‘ভ্যালেন্টাইন মানেই আমার কাছে আমার প্রিয় মানুষগুলো—পরিবার, দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা। প্রতিদিনকেই আমি ভালোবাসা দিবসের মতো করে কাটাতে চাই। স্পেশাল কিছু তো থাকবেই।’ সাম্প্রতিক সময়ে শাকিব খানের নাম জড়িয়ে বুবলীর বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, সবকিছুরই একটা সময় আছে। আজ আমরা একটি গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি। এখানে এসব স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না।’
তিনি আরও বলেন, সাংবাদিকদের কাজই নানা বিষয় নিয়ে সংবাদ করা এবং দর্শকদের জানার আগ্রহ থাকা স্বাভাবিক। তবে শিল্পী ও শিল্পকর্ম উপস্থাপনের ক্ষেত্রে পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি।
বুবলীর ভাষায়, ‘এ ধরনের আলোচনা নতুন নয়, বহুদিন ধরেই হয়ে আসছে। শুধু চাই, সবাই যেন সম্মান বজায় রেখে দায়িত্বশীলভাবে বিষয়গুলো উপস্থাপন করেন।’
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!