বিনোদন

বিয়ে করেছেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী

আপডেট: ফেব ০৮, ২০২৬ : ০৬:৪৮ এএম
বিয়ে করেছেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী

চলচ্চিত্র ও সামাজিক মাধ্যমে আলোচনায় জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। গত শনিবার রাতেই সামাজিক মাধ্যমে বিয়ের কিছু ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা গেছে, স্মিতা ও তার জীবনসঙ্গী সম্পূর্ণ হিন্দু ধর্মীয় রীতিতে বিয়ের পিঁড়িতে বসেছেন। লাল বেনারসি, জমকালো গয়না আর চন্দনের ফোঁটায় স্মিতাকে ভিন্ন রূপে দেখা গেছে।

ছবিগুলো শেয়ার হতেই তা ভাইরাল হয়ে যায়। ভক্ত ও নেটিজেনরা তাকে শুভকামনা জানাচ্ছেন এবং ভালোবাসায় ভাসাচ্ছেন।

স্মিতা নিজেই সামাজিক মাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে পাত্রের পরিচয় এখনই বিস্তারিত জানাননি। তার একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “এক চট্টগ্রামের ছেলের কারণে কষ্ট পেয়ে চট্টগ্রামের ছেলে কখনো বিয়ে করবো না বলেছিলাম। কিন্তু যদি কেউ এমন যত্ন করে, ভালবাসে, পুরোনো ক্ষত সারিয়ে তোলে এবং তার কোনো অহেতুক মিথ্যা ইগো না থাকে, তাহলে তাকে চট্টগ্রামের ছেলে বলে বিয়ে করবো না কেন?”

এ থেকে স্পষ্ট যে মান-অভিমান ছাপিয়ে ভালোবাসার জয় হয়েছে এবং তার জীবনসঙ্গীও চট্টগ্রামেরই ছেলে।

চট্টগ্রামের মেয়ে স্মিতা চৌধুরী পড়াশোনায় মেধাবী এবং কলেজ জীবন থেকেই শুদ্ধ উচ্চারণে উপস্থাপনায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১৭-১৮ সালের দিকে তিনি চট্টগ্রামের এক নম্বর উপস্থাপিকা হিসেবে আত্মপ্রকাশ করেন।

বর্তমানে স্মিতা একজন সফল উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও কনটেন্ট ক্রিয়েটর। দেশি-বিদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের সঙ্গে কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমে তার অনুসারীর সংখ্যা ১০ লাখের বেশি। মেধা ও দক্ষতার জোরে চট্টগ্রাম থেকে শুরু হওয়া তার এই জয়যাত্রা এখন বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষীদের কাছে সমাদৃত।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!