বাংলাদেশ চলচ্চিত্রের স্বর্ণযুগের এক অমলিন চরিত্র অভিনেত্রী ববিতা বলেন, এফডিসির পাশ দিয়ে গেলে তার মন কাঁদে। মাত্র ১৩ বছর বয়সে চলচ্চিত্রের প্রাঙ্গণে পা রাখা এই কিংবদন্তি সম্প্রতি ঢাকাই চলচ্চিত্রের বর্তমান অবস্থা এবং এফডিসি নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
সাক্ষাৎকারে ববিতা বলেন, “আমার গাড়িটা যদি এফডিসির পাশ দিয়ে যায়, একবার তাকাই ঠিকই, কিন্তু আর ভালো লাগে না। সেই ১৩ বছর বয়স থেকে প্রায় ৩০০ ছবিতে অভিনয় করেছি। সকাল-বিকাল-রাত, এমনকি তিন শিফটেও কাজ করেছি। অথচ এখন সেই ফ্লোরগুলো আগের মতো নেই, অনেকগুলো ভেঙে ফেলা হয়েছে।”
বর্তমান এফডিসিতে সিনেমার তুলনায় বিজ্ঞাপন বা অন্যান্য কাজ বেশি হওয়ায় ববিতা হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “এখন ভেতরে সব ফাঁকা। শুটিং বলতে এখন হয়তো শুধু এডের কাজ হয়, ছবি কম হয়।”
সিনেমা নির্মাণে গুণী পরিচালকদের অভাব নিয়ে তিনি বলেন, “একজন জহির রায়হান নেই, একজন খান আতা, আমজাদ হোসেন, সুভাষ দত্ত কিংবা নারায়ণ ঘোষ মিতা কেউ নেই। আমি ভাগ্যবান যে তাদের সঙ্গে কাজ করেছি। কিন্তু এখনকার পরিচালকদের কোথায় খুঁজবো?”
এফডিসির প্রশাসনিক ব্যবস্থাপনাকেও তিনি সমালোচনা করেন। চলচ্চিত্র উন্নয়নে লিজেন্ডদের পরামর্শ নেওয়া হয় কি না এমন প্রশ্নে ববিতা বলেন, “না, এখন ডাকে না। এমডি যিনি, তাকে চলচ্চিত্রের বিষয়টি জানতে হবে। ফিল্মের জ্ঞান না থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।”
ববিতার এই বক্তব্য এফডিসির বর্তমান পরিস্থিতি ও ঢাকাই চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা তুলেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!