বিনোদন

রোজা রেখেও কাজ করি: বুবলী

আপডেট: ফেব ১৮, ২০২৬ : ০৯:২০ এএম
রোজা রেখেও কাজ করি: বুবলী

চিত্রনায়িকা শবনম বুবলী ব্যক্তিগত জীবন, ধর্মীয় অনুশীলন ও সামাজিক সমালোচনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেন, একজন মুসলিম হিসেবে তিনি নামাজ আদায় ও রোজা পালন করেন এবং রোজা রেখেও নিয়মিত শুটিংয়ের কাজ চালিয়ে যান।

বুবলী বলেন, “অনেকে মনে করতে পারেন, চলচ্চিত্রের নায়িকা হয়ে কেন ধর্ম নিয়ে কথা বলছি। কিন্তু একজন মুসলিম হিসেবে নামাজ পড়া, রোজা রাখা আমার ব্যক্তিগত বিষয়। এটা আমার আর আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক। আমি তো কখনো বলিনি যে আমি শতভাগ ধার্মিক।”

সামাজিক যোগাযোগমাধ্যমে নৈতিকতা নিয়ে মন্তব্যকারীদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন তিনি। বুবলীর ভাষ্য, “যারা সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করেন, তাঁরা তো চলচ্চিত্রে অভিনয় করেন না। তাহলে কেন গীবত করছেন? কেন সিনেমা দেখছেন? কেন অন্যকে নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন?”

গীবত বা পরনিন্দা প্রসঙ্গে তিনি বলেন, ইসলামে এটি অত্যন্ত গর্হিত কাজ হিসেবে বিবেচিত। “একজন নায়িকার পেশা নিয়ে প্রশ্ন তোলা হতে পারে, কিন্তু গীবত করা বড় অন্যায়। ধর্মে এটিকে মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার সঙ্গে তুলনা করা হয়েছে,” বলেন এই অভিনেত্রী।

শবনম বুবলী বলেন, ব্যক্তি ও পেশাগত পরিচয়ের বাইরে একজন মানুষের ধর্মীয় চর্চা ও বিশ্বাস ব্যক্তিগত বিষয়, সেটিকে সম্মান করা উচিত।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!