বিনোদন

কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই: কৌশানী

আপডেট: ফেব ১৮, ২০২৬ : ০৯:২১ এএম
কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই: কৌশানী

অভিনেত্রী কৌশানী মুখার্জি সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের উত্থান-পতন, ব্যক্তিগত সম্পর্ক ও ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। প্রায় এক দশকের ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি অবহেলাও দেখতে হয়েছে তাঁকে—এমন কথাই জানিয়েছেন এই অভিনেত্রী।

কৌশানী বলেন, একসময় তাঁর ক্যারিয়ারের গতি একেবারে থমকে গিয়েছিল। একই সময়ে মাকে হারানোর শোকও তাঁকে সামলাতে হয়েছে। সেই কঠিন সময়ের কথা তুলে ধরে তিনি বলেন, “এমনও দিন গেছে, যখন ভিড়ের মধ্যে সবাই শুধু বনির সঙ্গে সেলফি তুলতে চাইত, আমাকে লক্ষ্য করত না। তখন নিজের পরিচয় নিয়েই প্রশ্ন জাগত।” এখানে বনি বলতে তিনি অভিনেতা বনি সেনগুপ্ত-কে বোঝান, যার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক।

সম্পর্কের বিষয়ে কৌশানী জানান, আগের একটি ব্যর্থ সম্পর্ক থেকে শিক্ষা নিয়েছেন তিনি। “ইন্ডাস্ট্রির চাকচিক্য আর ইমম্যাচুরিটির কারণে আমার আগের সম্পর্ক টেকেনি। তবে বনির সঙ্গে কাজ আর সম্পর্ক—দুটি আলাদা রেখেছি,” বলেন তিনি।

কাজের প্রসঙ্গে কৌশানী বলেন, “আমি বনিকে বলেছি, তুমি ভালো কাজ করছ, আমাকে কোথাও রেকমেন্ড করো না কেন? কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই। আমি তো কাজের জন্যই বলছি, অন্য কিছুর জন্য নয়।”

ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ ও কাস্টিং কাউচ প্রসঙ্গে তিনি বলেন, গ্ল্যামার জগত অনেক সময় সফট টার্গেট হয়ে ওঠে। তাঁর ভাষ্য, বেশির ভাগ ক্ষেত্রেই বিষয়গুলো পারস্পরিক সম্মতির ভিত্তিতে হয়। “গিভ অ্যান্ড টেক নীতিতে কেউ রাজি না হলে জোরাজুরির ঘটনা আমার জানা নেই,” বলেন তিনি।

কৌশানীর মতে, অনেক সময় যোগ্যতা থাকা সত্ত্বেও গতানুগতিক চক্রের বাইরে কাউকে কাস্ট করা হয় না। তাই অনেক শিল্পী নিজের অবস্থান শক্ত করতে প্রযোজনা সংস্থা গড়ে তুলছেন। “কেউ যদি নিজের কাছের মানুষকে সুযোগ দেয়, সেটিকে আলাদাভাবে দেখার কারণ নেই,” মন্তব্য করেন তিনি।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!