টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে পাল্টা আইনি পদক্ষেপ নিয়েছেন পশ্চিমবঙ্গের বনগাঁর অনুষ্ঠান আয়োজক তনয় শাস্ত্রী। জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলার পাশাপাশি থানায় লিখিত অভিযোগ করেছেন।
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন মিমি চক্রবর্তী। এ ঘটনায় আয়োজক তনয় শাস্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন তিনি। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং ১৪ দিন জেলহাজতে থাকতে হয়।
মুক্তি পাওয়ার পর শুক্রবার বিকেলে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে তনয় শাস্ত্রী দাবি করেন, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি বলেন, ‘এই ঘটনার জন্য মিমি চক্রবর্তীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।’
তনয়ের দাবি, অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য মিমি ২ লাখ ৬৫ হাজার রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে আসা এবং পূর্ণাঙ্গ পারফর্ম না করায় তিনি পারিশ্রমিক ফেরত চান। পাশাপাশি সামাজিক সম্মানহানির অভিযোগে ২০ লাখ রুপি ক্ষতিপূরণ চেয়ে আগেই একটি মানহানির মামলা করেছেন বলে জানান তিনি।
আয়োজকের ভাষ্য, অনুষ্ঠানের দিন তাঁকে অপমান করা হয়নি; কেবল সময়সূচি–সংক্রান্ত জটিলতার কারণে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। বিষয়টিকে অতিরঞ্জিত করে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে দাবি করেন তনয়।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত মিমি চক্রবর্তীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!