পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সামাজিক মাধ্যমে সম্প্রতি দাবি করেছেন, কিছু মহলের পক্ষ থেকে তাকে টার্গেট করা হচ্ছে।
আজ রোববার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন এবং সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।”
অভিনেত্রী আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে এআই (Artificial Intelligence) দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণে তার মতো অনেক শিল্পী বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। তিনি বলেন, “নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে। এর পেছনে কে বা কারা আছে তা আমার জানা নেই।”
মেহজাবীন যোগ করেছেন, “আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই। চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন, ধন্যবাদ।”
অভিনেত্রীর এই বক্তব্য ঘিরে ভক্ত ও সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার পাশে দাঁড়িয়েছেন, আবার কেউ সাম্প্রতিক অভিযোগগুলোর তদন্তের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, কয়েক মাস আগে পারিবারিক ব্যবসায় পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধামকি ও ভয়ভীতির অভিযোগে আইনি জটিলতায় পড়েছিলেন মেহজাবীন। তবে পরবর্তীতে আদালত থেকে অব্যাহতি পান। এছাড়া গত ১৭ আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পর মদের বোতলসহ আটকা পড়ার ঘটনাও বিতর্কের সূত্রপাত ঘটিয়েছে, যার ভিত্তিতেই নিজেকে টার্গেট হিসেবে উল্লেখ করেছেন অভিনেত্রী।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!