ভারতের উত্তর ২৪ পরগনার বনগাঁয়ে গত ২৫ জানুয়ারি একটি অনুষ্ঠানে পারফর্মের সময় বিতর্কে জড়ান ওপার বাংলার নায়িকা মিমি চক্রবর্তী। স্টেজে দেরিতে ওঠার অভিযোগে আয়োজকরা তার বিরুদ্ধে ক্ষতিপূরণ ও মানহানির জন্য আইনি পদক্ষেপ নেন।
আয়োজক তনয় শাস্ত্রীর পক্ষে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি মামলাটি দায়ের করেন। মামলায় মিমি থেকে ২০ লাখ রুপি ক্ষতিপূরণ এবং অগ্রিম নেওয়া ২ লাখ ৬৫ হাজার রুপি ফেরত চাওয়া হয়েছে। আয়োজকরা দাবি করেন, রাত সাড়ে ১০টায় অনুষ্ঠানের শুরুর কথা থাকলেও মিমি মঞ্চে ওঠেন রাত ১১টা ৪৬ মিনিটে। প্রশাসনের অনুমতি অনুসারে রাত ১২টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে বলা হয়।
এরপর ক্ষিপ্ত হয়ে মিমি সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজকদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় হেনস্তা করার অভিযোগ তুলেন। আয়োজকরা বলেন, এই মিথ্যা অপবাদের কারণে তনয় শাস্ত্রীকে পুলিশি হেফাজতে থাকতে হয়েছিল।
অন্যদিকে, মিমি চক্রবর্তী এই অভিযোগ অস্বীকার করে ২ কোটি রুপির মানহানি মামলা দায়ের করেছেন। তিনি দাবি করেছেন, নির্ধারিত সময়েই অনুষ্ঠানস্থলে পৌঁছেছিলেন, কিন্তু মেকআপ রুম না থাকায় গাড়িতে অপেক্ষা করতে বাধ্য হন। মঞ্চে ওঠার পরও তাকে মাত্র দুটি গান পরিবেশন করতে বলা হয় এবং আয়োজকদের পক্ষ থেকে অশালীন আচরণের শিকার হতে হয়।
বর্তমানে উভয় পক্ষের মামলার বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। তনয় শাস্ত্রীর আইনজীবীর দাবি, ঘটনাস্থলে পুলিশ থাকলেও মিমির সঙ্গে কোনো অশালীন আচরণ হয়নি, যা ভিডিও ফুটেজে প্রমাণিত।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!