ঢালিউড অভিনেতা আরিফিন শুভ বর্তমানে নতুন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-র কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে কলকাতায় পৌঁছে স্বস্তিতে নেই এই অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের শারীরিক ও মানসিক ক্লান্তির কথা জানালেন।
শুভ বলেন, “এনজয় করার সুযোগ পাচ্ছি না আসলে। নিউইয়র্ক থেকে ২৩ ঘণ্টার যাত্রা করে গতকাল এসেছি। আসার পর থেকেই প্রচুর কথা বলতে হচ্ছে। ক্লান্তি এমন পর্যায়ে যে মাঝে মাঝে মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ব।”
তিনি জানান, “‘জ্যাজ সিটি’ সিরিজে সুযোগ পাওয়াটা মোটেও সহজ ছিল না। তারকা খ্যাতি পাশে সরিয়ে রেখে আমাকে লড়তে হয়েছে সাধারণ একজন অভিনেতার মতো। দীর্ঘ দুই বছর ধরে চলেছে অডিশন ও স্ক্রিনিং। কখনো স্ক্রিপ্ট পাঠানো হয়েছে, কখনো সশরীরে দেখা করতে হয়েছে।”
আরিফিন শুভ আরও বলেন, “একটা সময় তো আশাই ছেড়ে দিয়েছিলাম। দীর্ঘ অপেক্ষার পর এই চরিত্রটি পাই। তবে চরিত্রটি পাওয়ার পর আসল চ্যালেঞ্জ হলো চরিত্রের প্রতি সুবিচার করা।”
তিনি যোগ করেন, “কাজের জন্য অডিশন দেওয়া একজন অভিনেতার দায়িত্ব। প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারাও যদি অডিশন দিতে পারেন, তবে আমি কেন পিছিয়ে থাকব? ইগো নিয়ে ভাবলে ভালো কাজ করা সম্ভব নয়।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!