বিনোদন

মারধরের অভিযোগের বিষয়ে মুখ খুললেন তিশা

আপডেট: মার্চ ০৪, ২০২৬ : ০৬:১০ এএম
মারধরের অভিযোগের বিষয়ে মুখ খুললেন তিশা

ছোট পর্দার অভিনেত্রী সামিয়া অথৈয়ের তোলা মারধরের অভিযোগের বিষয়ে এবার মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অথৈয়ের দাবি, তিশা তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করেছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তবে তিশা অভিযোগকে ‘ভুল বোঝাবুঝি’ এবং ‘অপেশাদার আচরণ’ হিসেবে ব্যাখ্যা করেছেন।

তিশা বলেন, “মূলত চরিত্রের প্রয়োজনে এবং স্ক্রিপ্টের খাতিরেই আমাকে আক্রমণাত্মক হতে হয়েছিল। আমি এমন একটি চরিত্র করছি যেখানে একজন স্পেশাল চাইল্ড বা অটিস্টিক চরিত্রের জন্য মানুষকে মারতে, কামড় দিতে এমনকি পানিতে চুবিয়ে ধরতেও হতে পারে। ১৫–২০ দিনের মধ্যে দর্শকরা কাজটি দেখবেন এবং বুঝবেন কোন অংশ চরিত্রের প্রয়োজনে করা হয়েছে।”

অথৈয়ের ফেসবুক লাইভের প্রেক্ষিতে তিনি আরও জানান, “সে হয়তো এমনভাবে লাইভ করেছে যে মনে হয়েছে আমি ব্যক্তিগতভাবে আক্রমণ করেছি, কিন্তু সেটা চরিত্রের প্রয়োজনে এবং স্ক্রিপ্ট অনুযায়ী হয়েছে। ইম্প্রোভাইজেশনও চরিত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল; আমি ব্যক্তিগতভাবে কিছু করিনি। এটিকে তার ব্যক্তিগত দুর্বলতা হিসেবে দেখা উচিত।”

শুটিং সেটের পরিবেশ সম্পর্কে তিশা বলেন, “সেখানে অভিনেতা সেলিম আহমেদ ও পরিচালক রিঙ্কুসহ পুরো টিম উপস্থিত ছিলেন এবং দেখেছেন কাজ কতটা পেশাদারিত্বের সঙ্গে করা হচ্ছিল। অথৈ দৃশ্য শেষ না করে শুটিং সেট ত্যাগ করেছে, যা কাজের ক্ষতি করেছে। আমি সারাদিন গোবর, নদী, মাটি ও বালুর মধ্যে থাকতে হয়েছে এবং শিকল দিয়ে বাঁধা ছিলাম। তাই অন্য শিল্পীর ওয়াশরুম বা পরিষ্কার হওয়ার বিষয়ে মন্তব্য করা দুঃখজনক।”

তিশা স্পষ্ট করেছেন, “যা বলা হয়েছে তা চরিত্রের প্রয়োজনে করা পেশাদার কাজ; ব্যক্তিগত আক্রমণ ছাড়া কিছুই নয়।”

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!