বিনোদন

তৃষার সঙ্গে থালাপতি বিজয়ের পরকীয়ার গুঞ্জন

আপডেট: মার্চ ০৭, ২০২৬ : ০৬:১৯ এএম
তৃষার সঙ্গে থালাপতি বিজয়ের পরকীয়ার গুঞ্জন

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের ২৭ বছরের সংসারে বিচ্ছেদের গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে। দীর্ঘদিনের স্ত্রী সঙ্গীতা সোরনালিগমের সঙ্গে তার দূরত্ব নিয়ে ইতিমধ্যেই টক অব দ্য টাউন শুরু হয়েছে। কিন্তু সম্প্রতি অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতা বিষয়টি আরও জোরালো আলোচনা সৃষ্টি করেছে।

চেন্নাইয়ের এক বিয়েবাড়িতে বিজয় ও তৃষাকে একসঙ্গে দেখা যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, বিজয় গাড়ি থেকে ফুলের তোড়া হাতে নামছেন, আর তার ঠিক পেছনে হেঁটে আসছেন তৃষা। জনসমক্ষে এভাবে তাদের উপস্থিতি নেটিজেনদের মধ্যে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি করেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোরনালিগম ইতিমধ্যেই পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ এই দম্পতির দুই সন্তান রয়েছে। ২৭ বছরের দাম্পত্য জীবনের এমন পরিণতি দেখে বিজয়ের ভক্তরা হতাশা প্রকাশ করেছেন।

এদিকে এই বিতর্কের মধ্যেই নতুন মাত্রা যোগ করেছেন বিজয়ের দেহরক্ষী অরুণ সুরেশ। বিয়েবাড়িতে বিজয় ও তৃষার আগমনের ঠিক আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “সব গুঞ্জনকে সরিয়ে এবার উঠে দাঁড়ানোর সময় এসেছে।” যদিও পোস্টটি কিছুক্ষণ পর মুছে ফেলা হয়েছে, তবুও তা নিয়ে নতুন ধোঁয়াশা তৈরি হয়েছে।

বিজয় ও তৃষার রসায়ন নতুন কিছু নয়। ২০০৪ সালে ‘গিল্লি’ সিনেমার মাধ্যমে এই জুটির জয়যাত্রা শুরু হয়। এরপর কয়েকটি সফল সিনেমা উপহার দেওয়ার পরও ২০০৮ সালের পর দীর্ঘ ১৪ বছর তারা একসঙ্গে দেখা যায়নি। গুঞ্জন রয়েছে, সে সময় তাদের সম্পর্ক নিয়ে বিজয়ের পরিবারে অশান্তি তৈরি হলে তৃষার সঙ্গে কাজ না করার শর্ত জুড়ে দেওয়া হয়েছিল।

এই পরিস্থিতি ফের নতুন জল্পনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে থালাপতি বিজয় ও তৃষার সম্পর্ককে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!