বিনোদন

‘দুর্বার’ নিয়ে ধোঁয়াশা, ঈদে প্রেক্ষাগৃহে ফিরছে না অপু বিশ্বাস

আপডেট: মার্চ ১০, ২০২৬ : ০৬:৪৯ এএম
‘দুর্বার’ নিয়ে ধোঁয়াশা, ঈদে প্রেক্ষাগৃহে ফিরছে না অপু বিশ্বাস

আসন্ন ঈদে ডজনখানেক সিনেমা মুক্তির তালিকায় থাকলেও শেষ মুহূর্তে সেই তালিকা ছোট হয়ে আসছে। বিশেষ করে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও আব্দুন নূর সজল অভিনীত ‘দুর্বার’ সিনেমাটির মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরার অপেক্ষায় থাকা অপু বিশ্বাসের সিনেমাটি ঈদের লড়াই থেকে ছিটকে যেতে পারে বলে শোনা যাচ্ছে।

এবারের ঈদে ‘প্রিন্স: ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’ ও ‘পিনিক’-এর মতো সিনেমাগুলো সরব প্রচারণা চালালেও ‘দুর্বার’ সহ আরও কিছু ছবির ক্ষেত্রে এখনো নীরবতা বিরাজ করছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, মুক্তির অনিশ্চয়তা ও প্রচারহীনতার কারণে অনেক নির্মাতা শেষ মুহূর্তে সরে দাঁড়াচ্ছেন।

পরিচালক কামরুল হাসান ফুয়াদ সম্প্রতি জানিয়েছেন, সিনেমাটির সম্পাদনার কাজ চললেও সুনির্দিষ্ট কোনো মুক্তির তারিখ নেই। অপু বিশ্বাসও জানিয়েছেন, সিনেমাটির মুক্তি প্রোডাকশন হাউসের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, এবং তাদের পরিকল্পনা অনুযায়ী এবার এটি বড় পর্দায় আসবে কিনা তা তার হাতে নেই।

অপুর মন্তব্যের পর দর্শকদের দীর্ঘ প্রতীক্ষা এই ঈদে ‘দুর্বার’ দেখে শেষ হবে কি না তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!