বিনোদন

“জীবন সব সময় সহজ পথে চলে না”: প্রিয়াঙ্কা চোপড়া

আপডেট: মার্চ ১৩, ২০২৬ : ০৬:১২ এএম
“জীবন সব সময় সহজ পথে চলে না”: প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডে একের পর এক সুপারহিট সিনেমা এবং আন্তর্জাতিক খ্যাতি থাকা সত্ত্বেও প্রিয়াঙ্কা চোপড়া এক সময় মুম্বাইয়ের মায়ানগরী থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। সম্প্রতি ‘নট স্কিনি বাট নট ফ্যাট’ নামক একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি তার সেই সময়ের কারণ তুলে ধরেছেন।

প্রিয়াঙ্কা বলেন, “আমি এমন একজন মানুষ যে পচা আবর্জনার মধ্যে বেশিক্ষণ থাকতে পছন্দ করি না। কারণ দীর্ঘ সময় সেখানে থাকলে আপনি সেই গন্ধে অভ্যস্ত হয়ে যাবেন। আমি দীর্ঘক্ষণ কোনো নোংরামির মধ্যে থাকতে চাইনি।”

তিনি আরও জানান, “জীবন সব সময় সহজ পথে চলে না। আমাদের সবার জীবনেই কিছু লড়াই থাকে। যখন সময় কঠিন হয়ে পড়ে, তখন আমাদের উচিত নিজেকে গুছিয়ে নিয়ে নতুন পথে চলা। আমি আমার ক্যারিয়ারে অনেকবার এমনটা করেছি। এক মুহূর্তের জন্য কষ্ট পাওয়াটা ঠিক আছে, কিন্তু তারপরই সব ঝেড়ে ফেলে উঠে দাঁড়াতে হয়।”

হলিউডে পাড়ি জমানো প্রিয়াঙ্কা জানান, এটি তার জন্য মোটেও সহজ সিদ্ধান্ত ছিল না। “সেই সময় বিশ্বমঞ্চে ভারতীয়দের প্রতিনিধিত্ব ছিল নগণ্য। তখন আমেরিকার পপ কালচারে মিন্ডি কেলিং বা ঐশ্বরিয়া রাই বচ্চন ছাড়া আর কোনো ভারতীয় মুখ দেখা যেত না। এই অভাববোধ এবং নিজেকে চ্যালেঞ্জ জানানোর প্রবল ইচ্ছাই আমাকে অজানার পথে পাড়ি দিতে সাহস জুগিয়েছে।”

নিজের আত্মবিশ্বাস নিয়েও প্রিয়াঙ্কা বলেন, “হলিউডে যাওয়ার সময় আমার সামনে কোনো নিশ্চিত পথ বা উদাহরণ ছিল না। আমি শুধু জানতাম আমি কঠোর পরিশ্রমী এবং নিজের কাজ জানি। যে কোনো পরিচালক বা সহ-অভিনেতার সামনে আমি সমানে সমানে পাল্লা দিতে পারি—এই আত্মবিশ্বাস আমার ছিল। তাই কোনো কিছু না ভেবেই বেরিয়ে পড়েছিলাম।”

প্রিয়াঙ্কার এই সাক্ষাৎকারে উঠে এসেছে তার কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং নতুন চ্যালেঞ্জের পথে অদম্য সাহসের গল্প।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!