দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা সঙ্গে বিবাহের পর বর্তমানে হানিমুনে রয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। তবে আনন্দের এই মুহূর্তে সামাজিক মাধ্যমে তার ব্যক্তিগত একটি অডিও ক্লিপ ফাঁস হওয়ায় রাশমিকা চরম বিরক্ত ও ক্ষুব্ধ হয়েছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি জানান, বিগত আট বছর ধরে একটি বিশেষ মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ভাইরাল হওয়া অডিও ক্লিপটিতে রাশমিকার সাবেক বাগদত্তা রক্ষিত শেঠি সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ও তৎকালীন ব্যক্তিগত বিষয় আলোচনা করা হয়েছে।
রাশমিকা বলেন, “গত ২৪ ঘণ্টায় যা ঘটেছে, তা আর উপেক্ষা করা সম্ভব নয়। প্রায় আট বছর আগের একটি ব্যক্তিগত কথোপকথন আমার সম্মতি ছাড়া রেকর্ড করা হয়েছিল এবং উদ্দেশ্যমূলকভাবে ভাইরাল করা হচ্ছে। এটি আমার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং পরিবারের জন্য অস্বস্তিকর।”
তিনি আরও সতর্ক করেছেন, “যারা এই অডিও ক্লিপটি ছড়াচ্ছেন তারা দ্রুত এটি বন্ধ না করলে আমাকে মানহানির মামলা করতে হবে।”
উল্লেখ্য, ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার সেটে রাশমিকা ও রক্ষিত শেঠি প্রেমের সম্পর্কে জড়ান। ২০১৭ সালে তাদের বাগদান সম্পন্ন হলেও এক বছরের মাথায় সম্পর্ক ভেঙে যায়। পরবর্তীতে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার বন্ধুত্ব ও প্রেমের গুঞ্জন শুরু হয়, যা সম্প্রতি বিবাহের মাধ্যমে পূর্ণতা পায়। নবদম্পতি বৃহস্পতিবারই মধুচন্দ্রিমা শেষ করে দেশে ফিরে এসেছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!