ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান গত শনিবার (২৮ মার্চ) জন্মদিন পালন করেছেন। বিশেষ এই দিনে দেশ-বিদেশের অগণিত ভক্ত ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তা দিয়েছেন।
শাকিব খান লিখেছেন, “গতকাল আমার জন্মদিনে দেশের ভেতর ও বাইরে থেকে আসা অগণিত ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছায় আমি এখনও অভিভূত। আমার পাশে থাকার জন্য এবং এই বিশেষ দিনটি এত উষ্ণতার সাথে উদযাপনের জন্য সকল শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকে আমার আন্তরিক ধন্যবাদ ও গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এই ভালোবাসাই আমার শক্তি, এই সমর্থনই আমার অনুপ্রেরণা। আমি কথা দিচ্ছি, আপনাদের সবসময় আমার সেরাটা দিয়ে যাব। কৃতজ্ঞ, বিনম্র এবং সত্যিই ধন্য।”
এখন ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিন্স’ সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে রাজত্ব করছেন শাকিব খান। মুক্তির প্রথম দিন থেকেই ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। জন্মদিনে নতুন চমক হিসেবে তিনি নিজের নতুন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেছেন। নির্মাতা পক্ষ পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন, শাকিবের জন্মদিনে ছবিটির প্রথম ঝলক প্রকাশ করা হবে, যা তিনি নিজের পোস্টের মাধ্যমে ভক্তদের উপহার দিয়েছেন।
বর্তমানে শাকিব খান মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার শুটিং-এ ব্যস্ত সময় পার করছেন। সেখানে সিনেমার কলাকুশলীদের সঙ্গে জন্মদিনের কেক কাটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন, যেখানে তাকে ফুরফুরে মেজাজে দেখা গেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!