ভারতের পশ্চিমবঙ্গের দিঘার তালসারি সৈকতে শুটিং করতে গিয়ে সমুদ্রের পানিতে ডুবে মারা গেছেন অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি। তার অকাল প্রয়াণে দুই বাংলার বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় অভিনেতার শেষ স্মৃতিটুকু সংরক্ষণের জন্য হোটেল কর্তৃপক্ষ ‘৪০০৫’ নম্বর কক্ষটি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
হোটেলের মালিক সৌরভ চৌধুরী জানিয়েছেন, রাহুল অত্যন্ত অমায়িক মানুষ ছিলেন এবং খাবারের বিষয়ে ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ করতেন। মৃত্যুর আগে তিনি খিচুড়ি, বেগুন ভাজা ও আলু সেদ্ধ খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এমনকি পরবর্তী সফরে মাছ খাওয়ারও আবদার রেখেছিলেন তিনি।
কক্ষটিতে এখনও তার ব্যবহৃত জিনিসপত্র আগের মতো রাখা হয়েছে—বিছানায় পড়ে থাকা হ্যাঙ্গার থেকে শুরু করে চায়ের কাপ ও টি-ব্যাগ পর্যন্ত সবই অক্ষত।
রাহুলের দীর্ঘদিনের সহকর্মী ও নির্মাতারা তার অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না। বাংলাদেশের বিনোদন অঙ্গনেও শোকের ছায়া নেমেছে।
রাহুলের ব্যক্তিগত গাড়ির চালক বাবলু দাস জানিয়েছেন, সমুদ্রের গভীরতা ও জোয়ারের তীব্রতা বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে যায়। প্রিয় অভিনেতার নাম লেখা ফাঁকা গাড়ি নিয়ে তিনি এখন কলকাতায় ফিরছেন।
গত রোববার তালসারি সৈকতে শুটিং চলাকালে রাহুল পানিতে তলিয়ে যান। সোমবার ময়নাতদন্তে মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়াকে নিশ্চিত করা হয়। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতা তার অভিনয় ও লেখনীর মাধ্যমে ভক্তদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!