ইরানে রাজনৈতিক বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসায় দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউস ত্যাগের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
ফ্লোরিডার পাম বিচে নিজের মার-এ-লাগো রিসোর্টে যাওয়ার পথে ট্রাম্প বলেন, ইরান ৮০০ জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘তাদের এই সিদ্ধান্তকে আমি সম্মান জানাই।’
ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমেও ইরানের এই সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। সেখানে তিনি লিখেছেন, মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত বাতিল করায় ইরানকে ধন্যবাদ।
এর আগে ইরানে চলমান বিক্ষোভ দমনের সময় গণহত্যা হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে—এমন হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। কয়েক দিনের ব্যবধানে তাঁর এই ইতিবাচক মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও বর্তমানে ইরানে বিক্ষোভের তীব্রতা অনেকটা কমে এসেছে।
মানবাধিকারকর্মীরা বলছেন, ইরানে বিক্ষোভ দমনে নিহতের সংখ্যা বাড়ছে। তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে ইঙ্গিত মিলছে, মৃত্যুদণ্ড স্থগিত রাখায় ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের সম্ভাবনা আপাতত কমছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের ওপর হামলার সিদ্ধান্ত থেকে সরে আসতে তাঁকে কেউ প্রভাবিত করেনি। ‘আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি,’ বলেন তিনি।
তবে ইরান সরকারের কার সঙ্গে আলোচনার ভিত্তিতে মৃত্যুদণ্ড বাতিলের তথ্য তিনি পেয়েছেন—এ বিষয়ে ট্রাম্প স্পষ্ট কিছু বলেননি।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়, যা পরে দেশটির ধর্মীয় শাসনের বিরোধী আন্দোলনে রূপ নেয়। বর্তমানে রাজধানী তেহরানে পরিস্থিতি তুলনামূলক শান্ত বলে জানা গেছে। যদিও ইন্টারনেট সংযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি’র তথ্য অনুযায়ী, ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৭ জনে।
সূত্র: এপি
আরএস
No comments yet. Be the first to comment!