আন্তর্জাতিক

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ২১

আপডেট: জানু ১৯, ২০২৬ : ০৫:৪০ এএম ১২
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ২১

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের অনেকে গুরুতর অবস্থায় থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিবিসির খবরে বলা হয়েছে, আজ সোমবার (১৯ জানুয়ারি) কোরদোবা প্রদেশের আদামুজ শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন হঠাৎ লাইনচ্যুত হয়ে পাশের লাইনে ছিটকে পড়ে। একই সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হয়।

স্পেনের পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে জানিয়েছেন, অন্তত ৩০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি বলেন, বিষয়টি ‘অত্যন্ত অদ্ভুত’ এবং কীভাবে এমন ঘটনা ঘটল, তা এখনো স্পষ্ট নয়।

আন্দালুসিয়ান ইমার্জেন্সি সার্ভিসের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, জীবিত ব্যক্তিদের কাছে পৌঁছাতে উদ্ধারকারীদের মরদেহ সরিয়ে কাজ করতে হয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক বিবৃতিতে বলেন, “দেশ একটি গভীর বেদনার রাত পার করছে।” তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে আদামুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো ঘটনাটিকে ‘একটি দুঃস্বপ্ন’ বলে মন্তব্য করেছেন। দুর্ঘটনার পরপরই তিনি ঘটনাস্থলে যান।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। মালাগা স্টেশন ছাড়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

আরএস-রাসেল

Tags:
দুর্ঘটনা

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!