আন্তর্জাতিক

খামেনির ওপর হামলা হলে তা যুদ্ধ ঘোষণার শামিল হবে: ইরানের প্রেসিডেন্ট

আপডেট: জানু ১৯, ২০২৬ : ০৫:৪১ এএম ১২
খামেনির ওপর হামলা হলে তা যুদ্ধ ঘোষণার শামিল হবে: ইরানের প্রেসিডেন্ট

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর কোনো ধরনের হামলা চালানো হলে তা ইরানের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রোববার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আমাদের গ্রেট লিডারের ওপর আঘাত হানা মানেই ইরানের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষাপটেই ইরানের প্রেসিডেন্টের এই প্রতিক্রিয়া এসেছে। ট্রাম্প ওই দিন মার্কিন সাময়িকী পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে। তাঁর বক্তব্যকে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা বা ক্ষমতাচ্যুত করার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

মাসুদ পেজেশকিয়ান তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে ইরানের সাধারণ মানুষ যে অর্থনৈতিক দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তার জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দায়ী। তিনি বলেন, “মার্কিন সরকার ও তাদের মিত্রদের শত্রুতাপূর্ণ নীতি এবং অমানবিক নিষেধাজ্ঞার কারণেই ইরানিরা আজ আর্থিক কষ্টে ভুগছে।”

এদিকে পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতৃত্বের তীব্র সমালোচনা করেন। তিনি আয়াতুল্লাহ খামেনিকে ‘অসুস্থ মানুষ’ বলে মন্তব্য করেন এবং বলেন, ইরানের নেতৃত্বের উচিত দেশ সঠিকভাবে পরিচালনা করা ও সাধারণ মানুষের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করা।

উল্লেখ্য, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে গত বছরের ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। ৮ ও ৯ জানুয়ারি তা সহিংস রূপ নেয়। নিরাপত্তা বাহিনীর কঠোর দমন-পীড়নের মধ্য দিয়ে এসব বিক্ষোভ নিয়ন্ত্রণে আনা হয়। সরকারি সূত্রের বরাতে জানানো হয়, এসব ঘটনায় বিপুলসংখ্যক বিক্ষোভকারী নিহত হয়েছেন—তবে নিহতের সংখ্যা নিয়ে ভিন্নমত রয়েছে।

ইরানি নেতৃত্ব এসব সহিংসতার জন্য বিদেশি উসকানি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা উল্লেখ করে আসছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরএস-রাসেল

Tags:
ইরানের প্রেসিডেন্ট

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!