প্রবাসী কর্মীদের কাজের সুযোগ আরও সীমিত হচ্ছে সৌদি আরবে। দেশটিতে মার্কেটিং ও সেলস—এই দুই খাতে কর্মরত মোট জনবলের অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সোমবার (১৯ জানুয়ারি) এ সিদ্ধান্তের কথা জানায়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যেসব প্রতিষ্ঠানে কর্মীর সংখ্যা তিনজন বা তার বেশি, সেসব প্রতিষ্ঠানেই এই বিধান প্রযোজ্য হবে।
মন্ত্রণালয় জানায়, বেসরকারি খাতের মার্কেটিং–সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ৬০ শতাংশ স্থানীয় কর্মী নিয়োগ দিতে হবে। এ খাতে মার্কেটিং ম্যানেজার, বিজ্ঞাপন ব্যবস্থাপক, বিজ্ঞাপন এজেন্ট, মার্কেটিং স্পেশালিস্ট, গ্রাফিক ডিজাইনার, বিজ্ঞাপন ডিজাইনার ও জনসংযোগ–সংক্রান্ত পদ অন্তর্ভুক্ত থাকবে। এসব পদে নিয়োজিত সৌদি কর্মীদের ন্যূনতম মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল।
একই ধরনের নিয়ম সেলস খাতেও প্রযোজ্য হবে। যেসব প্রতিষ্ঠানে তিনজন বা তার বেশি কর্মী রয়েছেন, সেখানেও অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দিতে হবে। সেলস খাতে সেলস ম্যানেজার, খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিনিধি, আইটি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞ, সেলস স্পেশালিস্ট এবং কমার্শিয়াল স্পেশালিস্ট পদগুলো এই সিদ্ধান্তের আওতায় পড়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ঘোষণার তিন মাস পর থেকে এই বিধান কার্যকর হবে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে সৌদি আরবের শ্রমবাজার আরও আকর্ষণীয় হবে, মানসম্পন্ন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং দক্ষ সৌদি নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদি চাকরির স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!