নিজের ওপর কোনো ধরনের হামলা হলে ইরানকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার’ কঠোর নির্দেশনা আগে থেকেই দিয়ে রেখেছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বক্তব্যে এ কথা জানান তিনি।
ট্রাম্পের এ বক্তব্য আসে ইরানের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তার হুমকির পর। ইরান সতর্ক করে বলেছিল, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তার কঠিন জবাব দেওয়া হবে।
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আব্দুলফজল শেখারচি বলেন, ট্রাম্প জানেন, যদি ইরানের নেতাদের দিকে আগ্রাসনের হাত বাড়ানো হয়, তবে শুধু সেই হাত বিচ্ছিন্ন করা হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এটি কোনো স্লোগান নয়, বরং বাস্তবতার প্রতিফলন। একই সঙ্গে তিনি দাবি করেন, এমন পরিস্থিতি তৈরি হলে বিশ্বজুড়ে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে এবং যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের জন্য কোনো নিরাপদ স্থান থাকবে না।
ইরানি কর্মকর্তাদের এসব বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, তাঁর কাছে ‘অত্যন্ত কঠোর নির্দেশনা’ রয়েছে। কোনো ধরনের ক্ষতি হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগেও একই ধরনের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। গত বছর তিনি বলেছিলেন, যদি ইরান তাঁকে হত্যার চেষ্টা করে, তবে দেশটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে।
উল্লেখ্য, ২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। ওই ঘটনার পর থেকেই ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে আসছে ইরান।
সূত্র: এএফপি
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!