গাজায় চলমান যুদ্ধ বন্ধ এবং উপত্যকাটির পুনর্গঠনের লক্ষ্যে গঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন উদ্যোগ ‘বোর্ড অব পিস’ ভবিষ্যতে জাতিসংঘের বিকল্প হিসেবে কাজ করতে পারে—এমন মন্তব্য করেছেন ট্রাম্প।
প্রায় ৮০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। তবে সাম্প্রতিক সময়ে সংস্থাটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রেক্ষাপটে ট্রাম্প দাবি করেন, তাঁর উদ্যোগে গঠিত বোর্ড অব পিস আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ড অব পিসের চেয়ারম্যান হিসেবে ডোনাল্ড ট্রাম্প নিজেই দায়িত্ব পালন করছেন এবং এ পদে তাঁর মেয়াদ নির্দিষ্ট নয়। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হলেও তিনি বোর্ডটির নেতৃত্বে থাকতে পারবেন বলে জানানো হয়েছে।
বোর্ড অব পিসের কাঠামো অনুযায়ী, এক বিলিয়ন ডলার অনুদান দিলে কোনো দেশ স্থায়ী সদস্যপদ পাবে। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এই বোর্ডে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে সিএনএন।
ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রভাবশালী দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন। আমন্ত্রিতদের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামও রয়েছে।
পুতিনকে আমন্ত্রণ জানানোর বিষয়টি ইউরোপের একাধিক দেশে উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ ২০২২ সাল থেকে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচিত।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এ উদ্যোগ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করলেও জাতিসংঘের মতো প্রতিষ্ঠিত সংস্থার বিকল্প হিসেবে ‘বোর্ড অব পিস’ কতটা গ্রহণযোগ্যতা পাবে, তা এখনো অনিশ্চিত।
সূত্র: সিএনএন
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!