আন্তর্জাতিক

করাচিতে শপিং মলে ভয়াবহ আগুন: নিহত ২৮, নিখোঁজ ৮১

আপডেট: জানু ২১, ২০২৬ : ০৫:৪১ এএম ১১
করাচিতে শপিং মলে ভয়াবহ আগুন: নিহত ২৮, নিখোঁজ ৮১

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির গুল প্লাজা শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত এবং ৮১ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন।

গুল প্লাজা করাচির অন্যতম বড় শপিং মল। ১৯৮০ সালে নির্মিত ৪ তলা এই মার্কেটের আয়তন একটি ফুটবল মাঠের চেয়ে বড়, এখানে রয়েছে ১ হাজার ২০০-এর বেশি দোকান। আগুনে এসব দোকানের অধিকাংশই ভস্মীভূত হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের সূত্রপাত হতে পারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। তবে হতাহত ও নিখোঁজের সংখ্যা এত বেশি হওয়ার পেছনে মার্কেট কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকেই মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।

করাচি ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, মার্কেটে মোট ২৬টি ফটক বা গেইট থাকলেও নিরাপত্তা কারণে সাধারণত ২৪টি বন্ধ রাখা হতো। আগুন লাগার সময়ও গেইটগুলো খোলা হয়নি। এছাড়া মার্কেটের অগ্নি নির্বাপক যন্ত্রও নষ্ট ছিল। ফলে শত শত মানুষ শপিং কমপ্লেক্সে আটকা পড়েছিলেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে করাচিতে এত বড় অগ্নিকাণ্ড দেখা যায়নি। করাচি পুলিশের কর্মকর্তা ও চিকিৎসক ডা. সুমাইয়া সাঈদ জানিয়েছেন, নিহত ও আহতদের সবাইকে সিভিক হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে এ পর্যন্ত ৮ জনের পরিচয় নিশ্চিত হয়েছে।

নিখোঁজদের মধ্যে ৭৪ জনের নাম জানা গেছে। মৃত ও নিখোঁজদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করার জন্য বলা হয়েছে।

ডা. সুমাইয়া বলেন, “নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বুধবার প্রথম তলায় অনুসন্ধান শেষ হয়েছে। বৃহস্পতিবার থেকে দ্বিতীয় ও তৃতীয় তলায় উদ্ধার কার্যক্রম শুরু হবে।”

করাচি পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের রাজধানী এবং দেশটির প্রধান বন্দরশহর। দেশের বৈদেশিক বাণিজ্যের প্রায় ৮০ শতাংশই এই বন্দরের মাধ্যমে হয়।

করাচি গভর্নর কামরান তেসোরি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

সূত্র: জিও নিউজ

আরএস-রাসেল

Tags:
শপিং মল আগুন

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!