কানাডা যুক্তরাষ্ট্রকে সহায়তার বদলে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে—এমন অভিযোগ তুলে দেশটিকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এই সম্পর্কের আড়ালে চীন এক বছরের মধ্যেই কানাডাকে ‘গিলে খাবে’।
শুক্রবার (২৩ জানুয়ারি) স্থানীয় সময় সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ডেনমার্কের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের বিরোধিতা করছে কানাডা। অথচ এই প্রতিরক্ষা ব্যবস্থা চালু হলে কানাডাও এর সুরক্ষা পেত।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করে কানাডা চীনের সঙ্গে ব্যবসা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। “যারা কানাডাকে এক বছরের মধ্যেই গিলে খাবে,”—লিখেছেন তিনি।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই কানাডার বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছেন ট্রাম্প। দেশটির নেতৃত্বের সমালোচনাও করে আসছেন তিনি।
সম্প্রতি চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছে কানাডা। এ চুক্তির আওতায় দুই দেশের মধ্যে কয়েকটি পণ্যের আমদানি-রপ্তানিতে শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে বেইজিং সফরে গিয়ে এ চুক্তিতে সই করেন। এর পরই ট্রাম্পের এমন মন্তব্য এলো।
বিশ্ব অর্থনৈতিক সম্মেলনেও গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম স্থাপনের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, এতে স্বাভাবিকভাবেই কানাডা উপকৃত হবে। তিনি দাবি করেন, “কানাডা যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনেক সুবিধা বিনা মূল্যে পায়। তাদের আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।”
তবে ট্রাম্পের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী। তিনি বলেন, “কানাডা যুক্তরাষ্ট্রের কারণে টিকে নেই। কানাডা সফল হচ্ছে কারণ আমরা কানাডিয়ান।”
সূত্র: ইন্ডিয়া টুডে
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!