আন্তর্জাতিক

বিশ্বের সর্বোচ্চ আয় করা নারী ফুটবলার ট্রিনিটি রডম্যান

আপডেট: জানু ২৪, ২০২৬ : ০৫:৫৭ এএম ১২
বিশ্বের সর্বোচ্চ আয় করা নারী ফুটবলার ট্রিনিটি রডম্যান

নারী ফুটবলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার হয়েছেন ট্রিনিটি রডম্যান। যুক্তরাষ্ট্রের জাতীয় নারী সুপার লিগের (এনডব্লুএসএল) ওয়াশিংটন স্পিরিটের সঙ্গে গত ৩১ ডিসেম্বর তার আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে তিনি ফ্রি এজেন্ট ছিলেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) তার সঙ্গে ওয়াশিংটন স্পিরিট তিন বছরের নতুন চুক্তি করেছে। নতুন চুক্তিতে বোনাসসহ প্রতি বছর তিনি ২০ লাখ ডলার পাবেন। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ২৪ কোটি ৪৬ লাখ টাকা। রডম্যান ২০২৮ পর্যন্ত ওয়াশিংটন স্পিরিটের হয়ে খেলবেন।

তার এজেন্ট মাইক সেঙ্কোভস্কি ইসএসপিএনকে জানিয়েছেন, এই চুক্তির ফলে ট্রিনিটি রডম্যান এখন বিশ্বের সর্বোচ্চ আয় করা নারী ফুটবলার।

এর আগে এই খেতাব ছিল স্পেনের ফুটবলার আইতানা বোনমাতির। যদিও বোনমাতির আয় সম্পর্কে স্পষ্ট তথ্য জানা যায়নি, তিনি ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে টানা তিনবার ব্যালন ডি’অর জিতেছিলেন।

নিজের শৈশবের ক্লাবের সঙ্গে নতুন চুক্তি হওয়ার পর ট্রিনিটি রডম্যান উচ্ছ্বসিত। তিনি বলেছেন, “আমি অনেক সৌভাগ্যবান। এটি একটি বড় ঘটনা। আগের সবকিছু এখন বদলে যাবে।”

রডম্যান সাবেক বাস্কেটবল তারকা ডেনিস রডম্যানের কন্যা। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি ওয়াশিংটন স্পিরিটের হয়ে খেলছেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!