আন্তর্জাতিক

জেলেনস্কিকে ‘বিভ্রান্ত ক্লাউন’ আখ্যা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: জানু ২৫, ২০২৬ : ০৫:৫৮ এএম ১১
জেলেনস্কিকে ‘বিভ্রান্ত ক্লাউন’ আখ্যা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ হত্যার অভিযোগ তোলায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জেলেনস্কিকে তিনি ‘বিভ্রান্ত ক্লাউন’ হিসেবে অভিহিত করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে আব্বাস আরাগচি বলেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ইউরোপের করদাতাদের অর্থ ব্যবহার করে নিজের ও সেনাবাহিনীর দুর্নীতিগ্রস্ত জেনারেলদের পকেট ভারী করছেন। একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আহ্বান জানাচ্ছেন, যা জাতিসংঘের সনদের পরিপন্থী।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “জেলেনস্কি নিজের ও তার দুর্নীতিবাজ জেনারেলদের স্বার্থে ‘অবৈধ আগ্রাসনের’ অজুহাত তুলে পশ্চিমা করদাতাদের অর্থ লুটে নিচ্ছেন। অথচ একই সময়ে কোনো লজ্জা ছাড়াই ইরানের বিরুদ্ধে সেই একই জাতিসংঘ সনদ লঙ্ঘন করে সামরিক হামলার আহ্বান জানাচ্ছেন।”

আরাগচি আরও বলেন, “বিশ্ব আপনার মতো বিভ্রান্ত ক্লাউনদের দেখে ক্লান্ত। ইরান কোনো ভাড়াটে বাহিনী বা বিদেশি মদদপুষ্ট শক্তির ওপর নির্ভরশীল নয়। আমরা জানি কীভাবে নিজেদের রক্ষা করতে হয়, আমাদের কারও কাছে সাহায্যের জন্য ভিক্ষা চাইতে হয় না।”

এর আগে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক অধিবেশনে জেলেনস্কি ইরানের সমালোচনা করে বলেন, ইরান সরকার সাধারণ মানুষ হত্যা করেই ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। তিনি বলেন, “এই রক্তপাতের পর যদি ইরান সরকার টিকে যায়, তাহলে এটি বিশ্বের সব স্বৈরাচারী শাসকদের জন্য একটি বার্তা হবে—ক্ষমতায় থাকতে হলে আরও মানুষ হত্যা করো।”

জেলেনস্কির এ মন্তব্যের জবাবেই তেহরানের পক্ষ থেকে এমন তীব্র প্রতিক্রিয়া এলো।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!