আন্তর্জাতিক

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি হলে কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প

আপডেট: জানু ২৫, ২০২৬ : ০৬:২২ এএম ১২
চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি হলে কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সব পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

ট্রাম্প এক বছর আগে হোয়াইট হাউসে ফেরার পর থেকে যুক্তরাষ্ট্র ও উত্তরাঞ্চলীয় প্রতিবেশী কানাডার সম্পর্ক টালমাটাল হয়ে রয়েছে। বাণিজ্য বিরোধের পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থায় একটি ‘ছেদ’ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন।

গত সপ্তাহে বেইজিং সফরে কার্নি চীনের সঙ্গে একটি ‘নতুন কৌশলগত অংশীদারিত্ব’-এর কথা জানান। এ সফরের ফল হিসেবে শুল্ক কমাতে একটি ‘প্রাথমিক কিন্তু ঐতিহাসিক’ বাণিজ্য চুক্তি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে ট্রাম্প সতর্ক করে বলেছেন, ওই চুক্তি বাস্তবায়িত হলে এর ‘গুরুতর পরিণতি’ হবে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, যদি কার্নি মনে করেন কানাডাকে চীনের পণ্য যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য একটি ‘ড্রপ অফ পোর্ট’ বানানো যাবে, তাহলে তিনি মারাত্মক ভুল করছেন। তিনি আরও বলেন, “চীন কানাডাকে জীবন্ত গিলে খাবে—তাদের ব্যবসা, সামাজিক কাঠামো ও সামগ্রিক জীবনধারা ধ্বংস করে দেবে।”

তিনি জোর দিয়ে বলেন, “কানাডা যদি চীনের সঙ্গে চুক্তি করে, তবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সব কানাডীয় পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।”

ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী কার্নিকে ‘গভর্নর’ বলে সম্বোধন করেন—যা একটি কটাক্ষ, কারণ তিনি বারবার দাবি করে আসছেন কানাডা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়া উচিত। চলতি সপ্তাহে ট্রাম্প একটি মানচিত্রও পোস্ট করেন, যেখানে কানাডা, গ্রিনল্যান্ড ও ভেনেজুয়েলাকে মার্কিন পতাকায় আচ্ছাদিত দেখানো হয়েছে।

জবাবে কানাডার যুক্তরাষ্ট্রবিষয়ক বাণিজ্যমন্ত্রী ডমিনিক লেব্লঁ বলেন, চীনের সঙ্গে কোনো মুক্ত বাণিজ্য চুক্তির চেষ্টা করা হচ্ছে না। তিনি বলেন, “যা অর্জিত হয়েছে তা হলো কয়েকটি গুরুত্বপূর্ণ শুল্কসংক্রান্ত বিষয়ের নিষ্পত্তি।”

চলতি বছর কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো যৌথভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!