মেক্সিকোর মধ্যাঞ্চলীয় প্রদেশ গুয়ানাজুয়াতো’র সালামানকায় রবিবার একটি ফুটবল স্টেডিয়ামে বন্দুকধারীর হামলায় ১১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
সালামানকার মেয়র সিজার প্রিয়েতো জানান, ম্যাচের শেষ পর্যায়ে গ্যালারিতে প্রবেশ করেন বন্দুকধারী এবং দর্শকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। ঘটনাস্থলেই ১০ জন নিহত হন, আর হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ১২ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
মেয়র প্রিয়েতো বলেন, “সালামানকা শহরে সম্প্রতি অপরাধের ঢেউ শুরু হয়েছে। এই গ্যাংগুলো সরকারি কর্তৃপক্ষকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চাচ্ছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, তবে তারা কখনও সফল হবে না।”
গুয়ানাজুয়াতো প্রদেশের স্টেট অ্যাটর্নি জেনারেল দপ্তর জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মেক্সিকোতে সাধারণভাবে হত্যার হার হ্রাস পাচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রতি ১ লাখ মানুষের মধ্যে ১৭.৫ জন হত্যার শিকার হয়েছেন। তবে গুয়ানাজুয়াতো প্রদেশটি দেশের সবচেয়ে সহিংস অঞ্চলগুলোর মধ্যে একটি। এখানে সান্তা রোসা ডি লিমা ও জ্যালিস্কো নিউজ জেনারেশন কার্টেলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে।
No comments yet. Be the first to comment!