প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর যুক্তরাষ্ট্রের অতিমাত্রায় হস্তক্ষেপের অভিযোগ করেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ। তিনি বলেন, “আমরা ওয়াশিংটনের আদেশ-নির্দেশ শুনতে শুনতে ক্লান্ত; যথেষ্ট হয়েছে।”
রদ্রিগুয়েজ গতকাল পুয়ের্তো লা ক্রুজে অনুষ্ঠিত এক জনসভায় বলেন, “ভেনেজুয়েলার রাজনীতি ভেনেজুয়েলানদের হাতে থাকতে দিন। আমাদের অভ্যন্তরীন মত-পার্থক্যগুলো নিজেদের মেটাতে দিন। ফ্যাসিবাদ ও উগ্রপন্থার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের পর এই সরকার ক্ষমতায় এসেছে।”
গত ৩ জানুয়ারি, ভেনেজুয়েলার রাজধানী কারকাসে সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে।
মাদুরো ও তার স্ত্রীর অপহরণের পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের নির্দেশে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হয়েছেন দেলসি রদ্রিগুয়েজ, যিনি মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
রদ্রিগুয়েজ জনসভায় বলেন, “ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঝামেলায় যেতে চায় না, তবে ভীতও নয়। সম্পর্ক বজায় রাখতে চাই, তবে সেটি হতে হবে পরস্পরের সম্মান, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং ভেনেজুয়েলার মর্যাদা ও ইতিহাসের প্রতি সম্মান নিশ্চিত করে।”
সূত্র: সিএনএন
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!