আন্তর্জাতিক

আরব সাগরে ইরানি ড্রোন ধ্বংস করল যুক্তরাষ্ট্র

আপডেট: ফেব ০৪, ২০২৬ : ০৬:৩১ এএম
আরব সাগরে ইরানি ড্রোন ধ্বংস করল যুক্তরাষ্ট্র

আরব সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ধেয়ে আসা একটি ইরানি ড্রোনকে ধ্বংস করার দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। এ ঘটনা ঘটেছে গত মঙ্গলবার।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকোম) মুখপাত্র ও নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, “ইউএসএস আব্রাহাম লিঙ্কনে অবস্থান করা একটি এফ-৩৫সি যুদ্ধবিমান একটি ইরানি ড্রোনকে ধ্বংস করেছে। ড্রোনটি জাহাজের দিকে ধেয়ে আসছিল, কিন্তু আঘাত হানার অনেক আগেই সেটি ধ্বংস করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

ইরানের অনলাইন সংবাদমাধ্যম তাসনিম নিউজও জানিয়েছে, ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে আরব সাগরে উড়ে বেড়াচ্ছিল এবং মার্কিন নৌবাহিনী এটি ভূপাতিত করেছে। তবে ড্রোন নিয়ন্ত্রণ হারানোর কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

মার্কিন প্রতিরক্ষা বাহিনী ড্রোন ধ্বংসের খবর নিশ্চিত করার পর রয়টার্স জাতিসংঘের ইরান মিশনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

গত জানুয়ারির প্রথম সপ্তাহে ইরানে তীব্র সরকারবিরোধী আন্দোলনের সময়ে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইন্দো-প্রশান্ত অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ বড় নৌবহর রওনা হয়েছিল। এই নৌবহর বর্তমানে আরব সাগরে অবস্থান করছে।

এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তুরস্কের ইস্তাম্বুলে ওয়াশিংটন ও তেহরানের সরকারি প্রতিনিধিদের বৈঠক চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ওই বৈঠক আগামী শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্পকে কেন্দ্র করে প্রায় দুই দশক ধরে উত্তেজনা চলছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে।

সূত্র: রয়টার্স

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!