রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত সেনার সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে বিপুলসংখ্যক মানুষকে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ হিসেবেও নথিভুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
ফরাসি সম্প্রচারমাধ্যম ফ্রান্স–২ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার এসব তথ্য জানান জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের মধ্যে পেশাদার সেনার পাশাপাশি বাধ্যতামূলকভাবে নিয়োগপ্রাপ্ত সদস্যরাও রয়েছেন।
যুদ্ধের ক্ষয়ক্ষতির বিষয়ে কিয়েভ ও মস্কো উভয় পক্ষই একে অপরের লোকসানের হিসাব নিয়মিত প্রকাশ করলেও নিজেদের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করে না। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ নিহত হয়েছেন।
২০২২ সালের ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধ চার বছর পেরিয়েছে। যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছেন।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তাঁর জামাতা জ্যারেড কুশনার বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। উভয় পক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত করতেই এসব আলোচনা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্টিভ উইটকফ লিখেছেন, আলোচনা ছিল ‘বিস্তারিত ও ফলপ্রসূ’। তবে তিনি উল্লেখ করেন, এখনো উল্লেখযোগ্য কাজ বাকি রয়েছে।
শান্তি আলোচনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার দখল করা ইউক্রেনীয় ভূখণ্ডের প্রশ্ন। রাশিয়া দাবি করছে, পূর্ব ইউক্রেনের শিল্পাঞ্চল দোনবাসের পুরো অঞ্চল এখনও তাদের পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। ইউক্রেনকে দোনবাসের অবশিষ্ট অংশ ছেড়ে দিতে হবে—এমন শর্ত দিয়েছে ক্রেমলিন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়ই বলে আসছেন, এই যুদ্ধে প্রতি সপ্তাহে অকারণে হাজার হাজার ইউক্রেনীয় ও রুশ নাগরিক প্রাণ হারাচ্ছেন। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোও বিভিন্ন ধরনের পরিসংখ্যান প্রকাশ করলেও সেগুলোর স্বাধীন যাচাই সম্ভব নয়।
এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ইউক্রেনের ক্ষয়ক্ষতির সর্বশেষ হিসাব প্রকাশ করেছিলেন জেলেনস্কি। তখন তিনি নিহত সেনার সংখ্যা ৪৩ হাজার বলে জানিয়েছিলেন।
তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, সরকারি হিসাবে নিহতের সংখ্যার বাইরে বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। ছয় মাস আগে পর্যন্ত ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৭০ হাজারের বেশি মানুষকে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ হিসেবে নথিভুক্ত করেছিল। তাদের মধ্যে কতজন সেনা এবং কতজন বেসামরিক নাগরিক—সে তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্র: বিবিসি
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!