পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৬৯ জন। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে।
পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণে মসজিদটি কেঁপে ওঠে। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে সিএনএনকে জানানো হয়েছে, জুমার নামাজ চলাকালে একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটান। বার্তাসংস্থা এএফপিকে নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, হামলাকারী মসজিদের প্রবেশদ্বারে আটকে পড়লে নিজের শরীরে থাকা বিস্ফোরকটির বিস্ফোরণ ঘটায়।
প্রাথমিক তদন্তে পাকিস্তান তেহরিক-ই-তালেবানের (টিটিপি) জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে পুলিশ।
ইসলামাবাদ প্রশাসন এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণের পর অন্তত ১৬৯ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মসজিদের ভেতরে মরদেহ পড়ে আছে এবং জানালার কাচ ভেঙে ছড়িয়ে রয়েছে চারদিকে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতার কামনাও করেন।
২০২৩ সালে পেশোয়ারে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের পর এটিই পাকিস্তানের কোনো মসজিদে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।
এর আগে গত বছরের নভেম্বর মাসে ইসলামাবাদ ডিস্ট্রিক্ট জুডিশিয়াল কমপ্লেক্সের গেটে এক আত্মঘাতী হামলায় ১২ জন নিহত হন। ২০০৮ সালে ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলের সামনে বোমা হামলায় নিহত হন ৬৩ জন।
সূত্র: সিএনএন, এএফপি, আল–জাজিরা
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!