ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এ জন্য প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ৩ দশমিক ২৫ লাখ কোটি রুপি। ক্রয়সংক্রান্ত আনুষ্ঠানিক কার্যক্রম আগামী কয়েক দিনের মধ্যেই সম্পন্ন হতে পারে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র।
আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে। ওই সম্মেলনে যোগ দিতে দেশটি সফর করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তাঁর সফরের আগেই রাফাল ক্রয়সংক্রান্ত প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, এ বিষয়ে আগামী সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সমরাস্ত্র ক্রয়–সংক্রান্ত সংস্থা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের (ডিএসি) একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
সূত্র জানায়, ফ্রান্স থেকে কেনা ১১৪টি রাফালের মধ্যে ১৮টি যুদ্ধবিমান সম্পূর্ণ তৈরি অবস্থায় (ফ্লাইং কন্ডিশনে) সরবরাহ করা হবে। বাকি যুদ্ধবিমানগুলো ভারতেই তৈরি করা হবে, যেখানে দেশীয় প্রযুক্তির ব্যবহারও থাকবে। এসব যুদ্ধবিমানের মধ্যে ৮৮টি হবে এক আসনবিশিষ্ট এবং ২৬টি হবে দুই আসনবিশিষ্ট, যা প্রশিক্ষণ ও অপারেশন—উভয় উদ্দেশ্যে ব্যবহৃত হবে।
ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান বর্তমানে বিশ্বের অন্যতম আধুনিক ও শক্তিশালী মাল্টিরোল যুদ্ধবিমান হিসেবে পরিচিত। এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ৩ হাজার ৭০০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় কার্যক্রম চালাতে পারে। একই সঙ্গে একাধিক পাল্লার ক্ষেপণাস্ত্র ও ভারী অস্ত্র বহনে সক্ষম এই বিমান।
এর আগে ২০২০ সালের জুলাই মাস থেকে পর্যায়ক্রমে ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান সংগ্রহ করে ভারত। এর মধ্যে আটটি ছিল দুই আসনবিশিষ্ট প্রশিক্ষণ বিমান। এসব যুদ্ধবিমানের কার্যকারিতা মূল্যায়নের পর ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সন্তোষ প্রকাশ করেন।
এর ধারাবাহিকতায় ২০২৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন নিরাপত্তা বিষয়ক মন্ত্রিগোষ্ঠী (সিসিএস) আরও রাফাল যুদ্ধবিমান কেনা এবং যৌথ উদ্যোগে দেশে উৎপাদনের বিষয়ে নীতিগত অনুমোদন দেয়। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবেই এবার ১১৪টি রাফাল যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা চূড়ান্ত হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!