আন্তর্জাতিক

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ, নীতীশ সরকারের নতুন সিদ্ধান্তে চাঞ্চল্য

আপডেট: ফেব ১৮, ২০২৬ : ০৭:৫৫ এএম
বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ, নীতীশ সরকারের নতুন সিদ্ধান্তে চাঞ্চল্য
বিহারে খোলা স্থানে মাছ ও মাংস বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। (ফাইল ছবি)

ভারতের বিহার রাজ্যে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার–এর নেতৃত্বাধীন সরকার নতুন এ নীতিমালা অনুমোদন করেছে বলে জানা গেছে।

রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা জানিয়েছেন, নতুন নিয়ম কার্যকর হলে খোলা জায়গায় মাছ বা মাংস বিক্রি করা যাবে না। কেবল লাইসেন্সধারী নির্দিষ্ট দোকানের মাধ্যমেই এসব পণ্য বিক্রি করা সম্ভব হবে।

তিনি বলেন, “সবার জন্য একই নিয়ম প্রযোজ্য হবে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তবে কবে থেকে এই নির্দেশনা কার্যকর হবে এবং আইন ভঙ্গের ক্ষেত্রে কী ধরনের শাস্তি দেওয়া হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তিনি প্রশাসনকে দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, বিহারে আগে থেকেই মদ বিক্রি নিষিদ্ধ রয়েছে। এর আগে ২০২৫ সালে উত্তরপ্রদেশে ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রি বন্ধ করেছিল যোগী আদিত্যনাথ–এর সরকার।

নতুন এই সিদ্ধান্ত নিয়ে বিহারজুড়ে আলোচনা শুরু হয়েছে। একদিকে স্বাস্থ্য ও পরিবেশগত দিক বিবেচনায় সিদ্ধান্তকে সমর্থন করছেন অনেকে, অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

তথ্যসূত্র: আনন্দবাজার

Tags:
বিহার নীতীশ কুমার মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!