আন্তর্জাতিক

সব দেশের ওপর শুল্ক ১৫ শতাংশে বাড়ালেন ট্রাম্প

আপডেট: ফেব ২২, ২০২৬ : ০৫:০৮ এএম
সব দেশের ওপর শুল্ক ১৫ শতাংশে বাড়ালেন ট্রাম্প

বিশ্বের সব দেশের আমদানি পণ্যের ওপর আরোপ করা অস্থায়ী পারস্পরিক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গত বছর তাঁর আরোপ করা শুল্ক বাতিলের রায় দেওয়ার পরপরই তিনি নতুন এ ঘোষণা দেন। আদালতের রায়ের কয়েক ঘণ্টার মধ্যে ট্রাম্প প্রথমে ১০ শতাংশ শুল্ক পুনর্বহালের ঘোষণা দেন। পরে তা বাড়িয়ে ১৫ শতাংশ করেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিচ্ছি যে, আজ থেকেই বিশ্বের সব দেশের ওপর আমাদের আরোপ করা ১০ শতাংশ আমদানি শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করা হলো। বহু বছর ধরে অনেক দেশ যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে এসেছে। এখন থেকে আইন অনুযায়ী তাদের ওপর এই বাড়তি কর কার্যকর হবে।’

মার্কিন আইনে এ শুল্ক ১৫০ দিন কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, প্রশাসন এটিকে স্থায়ী ও আইনি বৈধতা দিতে কাজ করবে।

গত বছর তিনি জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ)–এর আওতায় বিশ্বের বিভিন্ন দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন। ওই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র–এ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, শুল্ক আরোপের ক্ষেত্রে প্রেসিডেন্ট তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন এবং এ ধরনের সিদ্ধান্তের আগে মার্কিন কংগ্রেস–এর অনুমোদন প্রয়োজন ছিল।

খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!