আন্তর্জাতিক

মসজিদুল আকসায় রমজানের দ্বিতীয় জুমায় অংশ নিলেন ১ লাখ ফিলিস্তিনি

আপডেট: ফেব ২৮, ২০২৬ : ০৫:৪৫ এএম
মসজিদুল আকসায় রমজানের দ্বিতীয় জুমায় অংশ নিলেন ১ লাখ ফিলিস্তিনি

অধিকৃত পূর্ব জেরুজালেমে কঠোর নিরাপত্তা ও চলাচলের সীমাবদ্ধতার মধ্যেও রমজানের দ্বিতীয় জুমা মসজিদুল আকসা প্রাঙ্গণে আদায় করেছেন অন্তত এক লাখ ফিলিস্তিনি। যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় উপস্থিতি কম হলেও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল চোখে পড়ার মতো ছিল।

ফিলিস্তিনের ওয়াকফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক শায়খ আজ্জাম আল খতিব বার্তা সংস্থা আনাদোলুকে এ তথ্য জানান। স্থানীয় সংবাদদাতারা জানাচ্ছেন, আল আকসার চারপাশ ও প্রবেশপথগুলোতে হাজার হাজার ইসরায়েলি পুলিশ মোতায়েন ছিল। পূর্ব জেরুজালেমের প্রবেশমুখে কড়া নিরাপত্তা সত্ত্বেও মুসল্লিরা ভোরে মসজিদমুখী হতে শুরু করেন। তবে বহু ফিলিস্তিনি চেকপোস্ট পার হতে ব্যর্থ হন।

রমজান শুরুর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ প্রতি জুমায় সর্বোচ্চ ১০ হাজার ফিলিস্তিনিকে আল আকসায় প্রবেশের অনুমতি দেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছিল। গত সপ্তাহে প্রথম জুমায় প্রায় ৮০ হাজার ফিলিস্তিনি নামাজ আদায় করেছিলেন।

ঐতিহ্যগতভাবে রমজানে লাখো ফিলিস্তিনি পশ্চিম তীর থেকে আল আকসায় আগমন করেন, যার ফলে মসজিদ প্রাঙ্গণ উপচে পড়ে এবং জেরুজালেমের বাজারগুলোতেও বাণিজ্যিক প্রাণচাঞ্চল্য বৃদ্ধি পায়।

২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে পূর্ব জেরুজালেমে প্রবেশ নিয়ন্ত্রণ কঠোর হয়েছে। সীমিতসংখ্যক ফিলিস্তিনি বিশেষ অনুমতিপত্র পেয়ে শহরে প্রবেশ করতে পারেন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!