আন্তর্জাতিক

প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে প্রধান করে ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ গঠন করল ইরান

আপডেট: মার্চ ০১, ২০২৬ : ০৫:০৭ এএম
প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে প্রধান করে ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ গঠন করল ইরান

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে প্রধান করে তিন সদস্যের ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ গঠন করা হয়েছে। দেশটির সরকারি বার্তাসংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরানা)-এর বরাত দিয়ে এএফপি এই তথ্য জানিয়েছে।

অস্থায়ী নেতৃত্ব পরিষদের বাকি দুই সদস্য হলেন দেশের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি-এজেই এবং ইরানের প্রভাবশালী সংস্থা গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আলেম।

গতকাল ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খামেনি নিহত হওয়ার খবর দেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনির নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন।

আজ রোববার বাংলাদেশ সময় সকালে ইরান সরকারিভাবে খামেনির নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে। ৮৬ বছর বয়সী খামেনি ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। শিয়াপন্থি ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের সামরিক, বিচার ও গোয়েন্দা বিভাগের ওপর তার প্রভাব ছিল গভীর এবং সর্বব্যাপী। মূলত তার নির্দেশনাতেই ইরানের সরকার চলতো।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর সংবিধানে ধারা ১১১ অনুযায়ী, সর্বোচ্চ ধর্মীয় নেতা দায়িত্ব পালনে অক্ষম হলে বা মৃত্যুবরণ করলে নতুন সর্বোচ্চ নেতা আসার আগ পর্যন্ত দেশের সার্বিক নির্বাহী দায়িত্বে থাকে ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’।

সূত্র: এএফপি

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!