আন্তর্জাতিক

ইরানে প্রায় দুই সহস্র লক্ষ্যবস্তুতে আঘাত, উপ-সাগর জুড়ে ইরানের পাল্টা হামলা

আপডেট: মার্চ ০৪, ২০২৬ : ০৬:৪১ এএম
ইরানে প্রায় দুই সহস্র লক্ষ্যবস্তুতে আঘাত, উপ-সাগর জুড়ে ইরানের পাল্টা হামলা

ইসরাইল বুধবার ভোরে ইরানে নতুন করে হামলা চালায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্রের ভেতরে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে তারা আঘাত হেনেছে। এর জবাবে ইরান উপ-সাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বিস্তৃত করেছে। তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে থাকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে মার্কিন নৌবাহিনী প্রস্তুত রয়েছে। ইরান উপসাগরে প্রবেশের গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের হুমকি দিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, মধ্যরাতের পর তারা বিস্তৃত হামলা চালিয়েছে। এর আগে কয়েক ঘণ্টার ব্যবধানে ইরান ইসরাইলের দিকে তিন দফা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। তেল আবিবে এক নারী সামান্য আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, শনিবার ইসরাইলের সঙ্গে যৌথভাবে হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তিনি এটিকে মধ্যপ্রাচ্যের এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় সামরিক সমাবেশ হিসেবে অভিহিত করেছেন।

ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় দেশটিতে ৭৮৭ জন নিহত হয়েছেন। তবে এএফপি স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি। ইরান প্রতিশোধের অঙ্গীকার করেছে।

উপ-সাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এছাড়া রিয়াদ, কুয়েত ও বাহরাইনে মার্কিন দূতাবাস ও বিমানঘাঁটিতে হামলা হয়েছে। ইসলামি বিপ্লবী গার্ডের জেনারেল ইব্রাহিম জব্বারি জানিয়েছেন, শত্রু তাদের প্রধান কেন্দ্রগুলোতে আঘাত হানলে তারা অঞ্চলের সব অর্থনৈতিক কেন্দ্রে আঘাত করবে।

সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানিদের সরকারবিরোধী আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তবে ট্রাম্প বলেন, শাসন পরিবর্তন এই অভিযানের লক্ষ্য নয়।

লেবাননে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। হিজবুল্লাহ ইসরাইলের দিকে ড্রোন ও রকেট ছুঁড়েছে, ইসরাইল বৈরুতের দক্ষিণের শিয়া অধ্যুষিত এলাকায় হামলা চালিয়েছে। লেবানন সরকার জানিয়েছে, অন্তত ৫২ জন নিহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধের প্রথম দিনে মিনাব শহরের একটি স্কুলে হামলায় ১৫০ এর বেশি স্কুলছাত্রী নিহত হয়েছেন। তবে এএফপি এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল সীমিত সমর্থন পেয়েছে। পশ্চিমা দেশগুলো উপসাগরীয় রাষ্ট্রগুলোকে সহায়তা ও নাগরিকদের সরিয়ে নেওয়ায় কার্যক্রম সীমিত। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি হামলার প্রতি সমর্থন জানিয়েছেন, তবে দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!