আন্তর্জাতিক

খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত: রাষ্ট্রীয় টিভি

আপডেট: মার্চ ০৫, ২০২৬ : ০৬:৩১ এএম
খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত: রাষ্ট্রীয় টিভি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তেহরানে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘নজিরবিহীন জনসমাগমের সম্ভাবনা’ বিবেচনায় জানাজা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবরে বলা হয়, “শহীদ ইমামের বিদায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।”

সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ৮৬ বছর বয়সে খামেনি নিহত হন। বুধবার সকালে কর্তৃপক্ষ জানিয়েছিল, সেদিন সন্ধ্যায় তেহরানে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান হবে এবং তার মরদেহ জন্মস্থান পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে।

শনিবার থেকে তেহরানে হামলা চলেছে। ক্ষেপণাস্ত্র হামলায় সামরিক ও সরকারি অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে জানাজা স্থগিতের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতির কোনো সরাসরি সম্পর্ক আছে বলে কর্তৃপক্ষ উল্লেখ করেনি।

অনুষ্ঠানের আয়োজক সংস্থা তেহরানের ইসলামিক ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন কাউন্সিলের প্রধান মোহসেন মাহমুদি রাষ্ট্রীয় টিভিকে বলেন, প্রত্যাশিত লাখো মানুষের অংশগ্রহণ এবং সে অনুযায়ী প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!