ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি বলেছেন, মার্কিন স্থলবাহিনীর সম্ভাব্য অভিযান নিয়ে তার দেশ চিন্তিত নয়; বরং তারা মার্কিন বাহিনীর জন্য অপেক্ষা করছে। তিনি আশ্বস্ত করেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযানই তাদের জন্য বিপর্যয়কর হবে।
গতকাল যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসিকে সাক্ষাৎকারে আরাঘচি বলেন, “না, আমরা ভীত নই; বরং তাদের জন্য অপেক্ষা করছি। আমরা নিশ্চিত যে তাদের মোকাবিলা করতে পারব এবং এটা হবে তাদের জন্য একটি বড় বিপর্যয়।”
তিনি আরও জানান, তেহরানের কোনো পরিকল্পনা নেই ওয়াশিংটনকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার। ২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনব্যাপী যুদ্ধে ইরানের তরফ থেকে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেওয়া হয়নি। বরং তখনই যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিল ইসরায়েল।
আরাঘচি বলেন, “জেনেভায় পরমাণু কর্মসূচি নিয়ে সংলাপ চলাকালীন আমরা অনুমান করতে পেরেছিলাম যে যুদ্ধের সম্ভাবনা রয়েছে। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমরা কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দিইনি।”
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চললেও কোনো সমঝোতা চুক্তি ছাড়াই তা শেষ হয়। পরের দিন, ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে।
আজ পর্যন্ত টানা ছয় দিন ধরে চলা এই যুদ্ধে ইরানে নিহত হয়েছেন প্রায় এক হাজার মানুষ এবং আহত হয়েছেন পাঁচ হাজারের অধিক।
সূত্র: এনবিসি
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!