মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে নিরাপত্তা ঝুঁকির কারণে দুবাই ভিত্তিক আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস তাদের সমস্ত ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে।
শুক্রবার জরুরি বার্তায় এয়ারলাইন্স জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাই থেকে কোনো ফ্লাইট ছাড়বে না এবং সেখানে কোনো ফ্লাইট অবতরণও করবে না। নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে এবং শহরের চেক-ইন সুবিধাগুলোও স্থগিত করা হয়েছে।
এমিরেটস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জানায়, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। তারা ধৈর্য ধরার জন্য যাত্রীদের ধন্যবাদ জানিয়েছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী আপডেট জানানো হবে।
ফ্লাইট স্থগিত হওয়ায় হাজার হাজার আন্তর্জাতিক যাত্রী আটকা পড়েছেন এবং বৈশ্বিক আকাশপথের যোগাযোগ ব্যাহত হয়েছে। সংস্থা ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বিশেষ রি-বুকিং এবং অর্থ ফেরতের (রিফান্ড) সুবিধা ঘোষণা করেছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে টিকিটধারীরা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন।
বিশ্লেষকরা বলছেন, দুবাই বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় এশিয়া-ইউরোপ ও আমেরিকার আকাশপথের যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমিরেটস কর্তৃপক্ষ আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যতদিন পর্যন্ত আকাশপথ সম্পূর্ণ নিরাপদ হবে না, স্থগিতাদেশ কার্যকর থাকবে।
সূত্র: দ্য ইকোনোমিক টাইমস
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!